৮ ঘণ্টা ঘুমের পরেও সকালে উঠে ক্লান্ত লাগে কেন জানেন
রাতে নিয়ম করে ৭-৮ ঘণ্টা ঘুমাচ্ছেন, তবু সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগছে? সারাদিন চোখে ঘুম, মাথাব্যথা, কাজে মনোযোগের অভাব কিংবা বার বার ঝিমুনি ভাব পিছু ছাড়ছে না? অনেকেই এমন সমস্যাকে কাজের চাপ বা মানসিক উদ্বেগ ভেবে এড়িয়ে যান।
কিন্তু পর্যাপ্ত ঘুমের পরেও শরীর সতেজ না লাগার নেপথ্যে থাকতে পারে ঘুমের কোনো সমস্যা। চিকিৎসকদের ভাষায়, একে বলা হয় স্লিপিং ডিসঅর্ডার বা নিদ্রাজনিত অসুখ। বিশেষজ্ঞদের মতে, শুধু কতক্ষণ ঘুমোচ্ছেন, তা নয়, ঘুমের মানও শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি হচ্ছে না তো?
পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্তি কাটার অন্যতম কারণ হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)। এই সমস্যায় ঘুমের সময় নাক, গলা বা শ্বাসনালিতে বাধা তৈরি হয়। ফলে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ব্যাহত হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা বার বার কমে যেতে পারে। শরীরের এই পরিবর্তনের প্রতিক্রিয়ায় মস্তিষ্ক সাময়িকভাবে জেগে ওঠে।
বার বার এমন ঘটায় গভীর ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। অনেক সময় ব্যক্তি নিজেই বুঝতে পারেন না যে রাতে তার ঘুম বার বার ভেঙেছে। সকালে মাথাব্যথা, ক্লান্তি, ঝিমুনি ও মনোযোগের অভাব দেখা দিতে পারে।
শোবার ঘরের ধুলাময়লাও নষ্ট করছে ঘুমের মান
ঘুমের সমস্যা শুধু শারীরিক কারণে হয় না। শোওয়ার ঘরের পরিবেশও এর জন্য দায়ী হতে পারে। বালিশ, তোশক, বিছানার চাদর ও পর্দায় জমে থাকা ধুলাবালি থেকে অ্যালার্জি হতে পারে। জানালা দিয়ে ঢোকা পরাগরেণু এবং স্যাঁতস্যাঁতে দেয়ালে তৈরি হওয়া ছত্রাকও শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়ায়।
ফলে নাক ও শ্বাসনালিতে প্রদাহ তৈরি হয়ে বাতাস চলাচলের পথ সরু হতে পারে। আগে থেকে স্লিপ অ্যাপনিয়া থাকলে সমস্যা আরও বাড়তে পারে।
তাই নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা পরিষ্কার করুন। ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করুন। প্রয়োজন হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।
নাক ডাকা কি সবসময় স্বাভাবিক?
ঘুমের মধ্যে জোরে নাক ডাকা, দম আটকে আসা কিংবা হাঁসফাঁস করে জেগে ওঠাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। এগুলি স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। এছাড়া সকালে মাথাব্যথা, রাতে বার বার প্রস্রাবের বেগ, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়া এবং কাজে মনোযোগ দিতে না পারাও সতর্ক সংকেত।
শিশুদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। টনসিল বড় হওয়া বা শ্বাসনালির গঠনগত সমস্যায় তাদের ঘুম ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়াশোনা, মনোযোগ ও আচরণে পড়তে পারে ।
দীর্ঘদিন ঘুমের সমস্যা হলে শরীরে কী প্রভাব পড়ে?
পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম না হলে বিপাকক্রিয়া, হৃদযন্ত্রের স্বাস্থ্য, মেজাজ এবং দৈনন্দিন কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ১৮-৬০ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুম প্রয়োজন। দীর্ঘদিন অপর্যাপ্ত ঘুমের সঙ্গে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্পর্ক রয়েছে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
নিয়মিত নাক ডাকা, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি কিংবা পর্যাপ্ত ঘুমিয়েও সতেজ অনুভব না করলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে স্লিপ স্টাডি বা ঘুমের পরীক্ষা করে সমস্যার কারণ নির্ণয় করা যায়। শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক ওজন নিয়ন্ত্রণ, বিশেষ ওরাল ডিভাইস কিংবা সিপ্যাপ থেরাপির পরামর্শ দিতে পারেন।
সুস্থ থাকতে শুধু ৭-৮ ঘণ্টা ঘুমালেই হবে না, ঘুম হতে হবে নিরবচ্ছিন্ন ও আরামদায়ক। তাই দীর্ঘদিনের ক্লান্তিকে অবহেলা না করে সময়মতো সমস্যার কারণ খুঁজে বের করুন।
সূত্র: ইন্ডিয়া টুডে, মায়ো ক্লিনিক