কাউকে ভালো লাগলে মানুষ যেসব অদ্ভুত আচরণ করে

The strange things people do when they like someone
অনলাইন ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন
কাউকে ভালো লাগলে মানুষ যেসব অদ্ভুত আচরণ করে
--সংগৃহীত ছবি

কারও প্রতি ভালো লাগা বা ‘ক্রাশ’ থাকাটা বেশ অদ্ভুত এক অভিজ্ঞতা। হয়তো আপনি এমন একজন মানুষ, যিনি সাধারণত মেসেজের উত্তর দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন; কিন্তু বিশেষ কোনো ব্যক্তির মেসেজ বা নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গেই উত্তর দিয়ে ফেলেন। হয়তো সোশ্যাল মিডিয়ায় কে আপনার পোস্ট বা স্টোরি দেখল, তা নিয়ে আপনার মাথাব্যথা নেই; অথচ এখন আপনি ঠিকই জানেন যে, আপনার সর্বশেষ স্টোরিটি কে দেখেছে। এমনকী ছোটখাটো কোনো যোগাযোগও তখন এত গুরুত্বপূর্ণ মনে হয় যে, তা বন্ধুদের সঙ্গে আলোচনা না করে আপনি থাকতেই পারেন না।


সবচেয়ে মজার বিষয় হলো, অধিকাংশ মানুষই মনে করেন যে তারা তাদের মনের অনুভূতিগুলো খুব ভালোভাবে লুকিয়ে রাখতে পারছেন। অথচ বাস্তবে তাদের আচরণই বলে দেয় অন্য কথা। নিচে এমন পাঁচটি মজার আচরণের কথা তুলে ধরা হলো, যা মানুষ কারও প্রতি ভালো লাগা থাকলে করে থাকে-


হঠাৎ ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার প্রতি খুব আগ্রহী হয়ে ওঠা


যিনি সাধারণত ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নন, তিনিও হঠাৎ করেই খুব সরব হয়ে উঠতে পারেন। কফির ছবি, পছন্দের গান, সূর্যাস্তের দৃশ্য কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্ত- সবই উঠে আসে তার স্টোরিতে। যদিও এই স্টোরি সবার জন্যই দেওয়া হয়, কিন্তু মনে মনে তিনি আশা করেন যে, ভিউয়ারের তালিকায় যেন বিশেষ সেই মানুষটির নাম দেখা যায়। আর যদি সেই ব্যক্তি কোনো প্রতিক্রিয়া জানান বা রিপ্লাই দেন, তবে তো কথাই নেই, পুরো দিনটাই যেন সার্থক হয়ে যায়!


কথোপকথন শুরুর জন্য অহেতুক অজুহাত খোঁজা


কারও প্রতি ভালো লাগা থাকলে মানুষ আশ্চর্যজনকভাবে সৃজনশীল হয়ে ওঠে। এমন কোনো প্রশ্ন হয়তো তারা করে বসে, যার উত্তর তারা আগেই জানে; অথবা এমন কোনো মিম (meme) পাঠায় যার সঙ্গে আগের আলোচনার খুব একটা সম্পর্ক নেই। আবার হয়তো হঠাৎ মনে পড়ার ভান করে এমন কিছু বলে ফেলে, যা আগে বলা হয়নি। অনেক সময়, কোনো জনপ্রিয় শো কেউ দেখেছে কি না- এমন সাধারণ প্রশ্নও হয়ে ওঠে আরও ২০ মিনিট কথা চালিয়ে যাওয়ার একটি অজুহাত।


এমন ছোটখাটো বিষয় মনে রাখা, যা অন্য কারও নজরেই পড়ে না


হয়তো গতকাল দুপুরে কী খেয়েছিলেন সেটাই আপনার মনে নেই, অথচ আপনার ক্রাশ-এর পছন্দের ডেজার্ট কোনটি, বৃহস্পতিবার তার কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে কি না, কিংবা তিনি কোন ধরনের গান অপছন্দ করেন- এসব খুঁটিনাটি বিষয় ঠিকই আপনার মনে থাকে। কোনো রকম বাড়তি চেষ্টা ছাড়াই এই ছোট ছোট তথ্যগুলো আপনার মাথায় গেঁথে যায়। আর যখন আপনি স্বাভাবিকভাবে কথার মাঝে এসব বিষয় উল্লেখ করেন, তখন মনে মনে আশা করেন যে, অপর ব্যক্তিটি যেন বুঝতে পারে, আপনি তার কথা কতটা মনোযোগ দিয়ে শুনেছেন।


সেই ব্যক্তি সামনে এলে আচরণের আমূল পরিবর্তন হওয়া


বন্ধুবান্ধবের সঙ্গে আপনি হয়তো খুব প্রাণবন্ত, হাসিখুশি এবং নিজের মতো করেই স্বাচ্ছন্দ্যে থাকেন। কিন্তু যখনই আপনার ক্রাশ সামনে এসে হাজির হয়, পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। হয়তো আপনি হঠাৎ অস্বাভাবিক রকমের শান্ত হয়ে যান, অথবা সবকিছুতেই অকারণে হাসাহাসি শুরু করেন, কিংবা ফোনের কাজে খুব ব্যস্ত থাকার ভান করেন। কেউ কেউ আবার দাঁড়িয়ে থাকা, বসে থাকা বা কথা বলার ভঙ্গি নিয়েও অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। যাকে তারা পছন্দ করে, সে হয়তো ছোটখাটো বিষয়গুলো খেয়াল করে না, কিন্তু তাদের বন্ধুরা ঠিকই সেগুলো নজরে আনে।


একটি ছোট ঘটনা যখন বন্ধুদের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে


এখানেই বিষয়টি বেশ মজার হয়ে ওঠে। একটি বন্ধুত্বপূর্ণ বার্তা, প্রশংসা কিংবা হঠাৎ হওয়া কোনো কথোপকথন- বন্ধুদের গ্রুপ চ্যাটে তা দীর্ঘ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে। সেখানে স্ক্রিনশট শেয়ার করা হয়, নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হয় এবং সবাই যেন হঠাৎ করেই রোমান্টিক যোগাযোগের বিশেষজ্ঞ হয়ে ওঠে! একটি সাধারণ হাসি বা ইমোজি নিয়ে হয়তো এমন চুলচেরা বিশ্লেষণ করা হয়, যা কোনো গভীর সম্পর্কের আলোচনার ক্ষেত্রেও দেখা যায় না।