মশায় যন্ত্রণায় অতিষ্ঠ রাজশাহী

Rajshahi suffering from mosquitoes
নিজস্ব প্রতিবেদক: ০২ মার্চ ২০২৫ ১২:৪১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০২ মার্চ ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
মশায় যন্ত্রণায় অতিষ্ঠ রাজশাহী
মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহী।......সংগৃহীত ছবি

মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহী। দিনে কিংবা রাতে- সব সময় কানের কাছে ভন ভন করছে মশা। নগরবাসী বলছেন, জনপ্রতিনিধিরা না থাকার কারণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আর সিটি করপোরেশন বলছে, এখন প্রজণন মৌসুম বলে মশার উৎপাত বেড়েছে। অন্য শহরের তুলনায় এখানে মশা কম।

নগরের উপশহরের বাসিন্দা আকরাম হোসেন বলেন, রাজশাহী শহরে আমি ২৫ বছর ধরে বাস করছি। এত মশা আমি এই শহরে আর দেখিনি। দিনে-রাতে সব সময় মশা গান শোনাচ্ছে। পাঁচ মিনিটের জন্যও যদি ঘরের জানালা খোলা হচ্ছে, সব মশা এসে ঢুকে পড়ছে।

নগরের কাজীহাটা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, মশার খুব অত্যাচার। বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। সারক্ষণ কয়েল জ্বালাতে  হচ্ছে। কয়েলের ধোয়াতেও বাচ্চাদের সমস্যা হচ্ছে। অনেক দিন ধরে ড্রেন পরিষ্কার না করার কারণে মশার অত্যাচার বেড়েছে।

মহিষবাথানের বাসিন্দা তাইফুর রহমান বলেন, আগে মশা বেড়ে গেলে কাউন্সিলর অফিসে গিয়ে অভিযোগ করতাম। কিছু না হলেও স্প্রে করত। কিন্তু এখন কিছুই দেখি না। অভিযোগ করব, কিন্তু কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। কাউন্সিলর অফিসে গিয়ে শুনলাম যে একজন শিক্ষা অফিসার ওয়ার্ডের দায়িত্বে আছেন। তাকে কোনোদিন দেখিনি যে অভিযোগ জানাব। এখন মশার অত্যাচারে ঘর-বাড়িতে থাকাটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে।

নগরের দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মারুফুল হক বলেন, সিটি করপোরেশনে মেয়র নাই, কাউন্সিলর নাই। কোনোরকম তদারকিও নাই। আসলে মশা নিধনের কোনো কার্যক্রম চলছে কি না তা বুঝতে পারছি না। আমাদের এলাকায় শেষবার কবে মশক নিধন দেখেছি মনে করতে পারছি না।

তবে সিটি করপোরেশন বলছে, ড্রেন পরিষ্কার করে স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে মশার ডিম ধ্বংসের জন্য। আর ফগার মেশিনের ওষুধের মজুত খুবই অল্প। তা দিয়ে সাতদিনও কার্যক্রম চালানো যাবে না। তাই এটি বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইড ওষুধ স্প্রে করে মশার ডিম ধ্বংস করা হচ্ছে। প্রতি সাত দিন পর পর একেকটি ড্রেনে ওষুধ স্প্রে করা হচ্ছে বলেও দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, মশা এখন বেড়েছে তা ঠিক। কারণ এখন মশার প্রজণন মৌসুম চলছে। তাছাড়া বাড়ির পাশের ঝোপঝাড় অনেকে পরিষ্কার রাখছেন না। ছাদবাগানের টবের পানি থেকেও মশা বাড়ছে। এসব ব্যাপারে নগরবাসীকে একটু সচেতন থাকতে হবে। তাহলে মশা কমবে।

তিনি বলেন,আমাদের শহরে মশা তুলনামূলক কম। অন্য শহরে এখন আপনি দাঁড়াতেই পারবেন না। আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মেয়র-কাউন্সিলর থাকলে তদারকিটা ভাল হয়। এখন তারা নেই। ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি কর্মকর্তারা দায়িত্বে আছেন। তাদের আরও অনেক কাজ থাকে। তারপরও যতটা সম্ভব আমরা সব তদারকি করছি।

ডলার জানান, এখন লার্ভিসাইড ওষুধ ও ফগার মেশিনের ওষুধের মজুত খুবই কম। ওষুধ কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে। রোববার দরপত্র দাখিলের শেষ দিন। সপ্তাহখানেকের মধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর ওষুধ এলে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে।