স্কুল ভর্তিতে কোটার আদেশ বাতিল, থাকছে সংরক্ষিত আসন
বিতর্কের মুখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সন্তানদের জন্য নির্ধারিত ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তে প্রতি শ্রেণিতে নির্ধারিত আসনের অতিরিক্ত ১টি করে আসন সংরক্ষণের নতুন নীতি গ্রহণ করা হয়েছে।
গতকাল সোমবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করে। আজ (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার।
নতুন নির্দেশনায় কী বলা হয়েছে
নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত ও শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আগে ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছিল। তবে এই কোটা ব্যবস্থা বাতিল করে এখন থেকে প্রতি শ্রেণিতে ১টি করে অতিরিক্ত আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ভর্তি আবেদনকারীদের অবশ্যই আহত বা শহীদ পরিবারের সদস্য হওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে। এর জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা গেজেটের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তি প্রক্রিয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
যদি কোনো শ্রেণিতে এই ক্যাটাগরির আবেদনকারী না পাওয়া যায়, তাহলে সংরক্ষিত আসন মেধা তালিকা থেকে ভর্তি করানো হবে। কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছিল, মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
কেন বাতিল করা হলো
কেন এই নীতির পরিবর্তন আনা হলো, সে বিষয়ে নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে। কারা সিদ্ধান্ত নিয়েছেন, তা আমার জানা নেই।"
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, "নতুন সার্কুলারের বিষয়টি আমার জানা নেই। আমরা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগের সার্কুলারটি ওয়েবসাইটে আপলোড করেছিলাম। সিদ্ধান্ত গ্রহণ ও বাতিলের বিষয়টি আমাদের এখতিয়ারে নেই।"
৫ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষা ও রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, এই কোটার মাধ্যমে মেধাবীদের প্রতি অবিচার করা হচ্ছিল, তাই তা বাতিল করা হয়েছে। আবার কেউ বলছেন, আন্দোলনকারীদের পরিবারকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন নীতির ফলে মেধাবীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং একই সঙ্গে অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদেরও যথাযথ স্বীকৃতি দেওয়া হবে।