আইন না মেনে চলছে
বিদ্যালয়ের দুইপাশে দুটি ইটভাটা। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চলাচলকারী যে কারও মানুষেরই চোখে পড়বে দুপাশের দুই ইটভাটার ধোঁয়া প্রাথমিক বিদ্যালয়টি গ্রাস করার চিত্র। কিন্তু তা নজরে আসে না উপজেলা প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের।
ফলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা- সবকিছুই ইটভাটার ধোঁয়ার ভেতরে। এ বিদ্যালয়টির পেছনে মাত্র ৫০০ মিটার দূরে পশ্চিম পাশে মেসার্স এম এস ব্রিকস্ নামের একটি ভাটায় পোড়ানো হচ্ছে ইট। আবার প্রায় সমান দূরত্বে উত্তর পাশেও রয়েছে মুন হাওয়া ব্রিকস নামে আরেকটি ভাটা। সব মিলিয়ে এ বিদ্যালয়কে মাঝখানে রেখে দুটি ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে ইট।
শুধু গোদাগাড়ীতেই নয়, রাজশাহী জেলাজুড়ে প্রায় ২০০টি ইটভাটা থাকলেও বৈধ মাত্র ৮টি। নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের পাশে, লোকালয় ও ফসলি জমিতে এসব দূষণকারী ইটভাটা গড়ে উঠেছে। কিছু ভাটায় করাতকল বসিয়ে প্রকাশ্যে কাঠও পোড়ানো হচ্ছে। বরেন্দ্রভূমির টিলা ও কৃষিজমির উপরিভাগ কেটে ইট তৈরি করায় উর্বরতা নষ্ট হচ্ছে।
পরিবেশবাদীদের অভিযোগ, এসব ভাটা পরিচালনার ক্ষেত্রে মালিকেরা মোটা অংকের টাকা খরচ করে থাকেন। কোনো কোনো এলাকায় তো মানি রিসিপ্ট দিয়ে ইটভাটা থেকে টাকা আদায় করা হয়। ফলে কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেন না।
কাদিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন বলেন, ‘ভাটাগুলো একদিকে পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে স্কুলের কোমলমতি শিশুদের জন্য অত্যন্ত স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সব সময় ভাটা চলে। স্কুল এক-দুই দিন বন্ধ থাকার পর খুললেই চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ধুলাবালি ও কালির আস্তরণে পরিত্যক্ত ভবনের মতো হয়ে যায়। এই বিষয়ে ব্যবস্থা নিতে বারবার আবেদন জানিয়েও আমরা কোনো প্রতিকার পাইনি।’
এ বিষয়ে মুন হাওয়া ব্রিকস নামের ভাটার মালিক আফজাল হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ধরেননি। মেসার্স এমএস ব্রিকসের মালিক ওবাইদুল্লাহ বলেন, ‘ভাটা স্থাপনের পর স্কুলটি নির্মাণ করা হয়েছে।’ তারপর ব্যস্ততা দেখিয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জেলার বাগমারা উপজেলার শ্রীপুর জামতলা বাজার সংলগ্ন কেএআর ইটভাটার ভেতরেই বসানো হয়েছে করাতকল, যেখানে কাঠ কেটে পোড়ানো হচ্ছে। চুল্লি থেকে নির্গত ধোঁয়া বায়ু ও পরিবেশ দূষিত করছে। স্থানীয়দের ভাষ্য, এ উপজেলার সব ইটভাটা অবৈধ, অধিকাংশ সময় কাঠ পোড়ায়। তখন কাল ধোয়ায় ঢেকে যায় পরিবেশ।
দুর্গাপুর উপজেলার গগণবাড়ীয়া গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় এসএমআই ব্রিকস নামের একটি ভাটা করা হয়েছে। জেলার পবা উপজেলার হাটচন্দ্রপুরে তিন ফসলি কৃষিজমিতে পাশাপাশি চারটি ভাটা তৈরি হয়েছে। এসএমআই ব্রিকসের ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তবে ট্রেড লাইসেন্স ও ভ্যাটের কাগজপত্র রয়েছে। স্টার ব্রিকস নামের আরেকটি ভাটার ব্যবস্থাপক এমদাদুদুল হক দাবি করেন, অনুমতি নিয়ে তারা ভাটা পরিচালনা করছেন। যদিও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে পারেননি তিনি।
পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী, বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নিষিদ্ধ। কৃষিজমিতেও এটি অবৈধ। অথচ রাজশাহীর বেশিরভাগ ইটভাটা এই আইন মানছে না। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ভাটা দুই বা তিন ফসলি জমিতে করা হয়েছে। ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে, বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। বরেন্দ্রভূমির উঁচুনিচু টিলা ও কৃষিজমির ওপরের উর্বর অংশ কেটে ইট তৈরি করায় ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘মোটা অঙ্কের টাকা দিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করায় এই অবৈধ ব্যবসা বন্ধ হচ্ছে না। এতে পরিবেশ হুমকির মুখে পড়েছে। অবৈধ ইটভাটার ধোঁয়ার কারণে আমের উৎপাদনেও প্রভাব পড়ছে। তাই যত্রতত্র গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নিতে হবে।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, রাজশাহীতে কাগজে-কলমে ১৩০টি ইটভাটা থাকলেও বাস্তবে প্রায় ২০০টি চালু রয়েছে। এর মধ্যে মাত্র ৮টির বৈধ লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র রয়েছে। জনবল সংকটের কারণে তারা অবৈধ ইটভাটার বিরুদ্ধে সব সময় অভিযান চালাতে পারেন না। তারপরও এটি নিয়মিত করার চেষ্টা করছেন।