নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা রয়েছে। এ ছাড়া তাদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দ করা হয়েছে।
রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের উপপরিচালক মাসুদুর রহমান হিসাব অবরুদ্ধের আবেদনে বলেন, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্য ও সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ ও মানিলন্ডারিং এর অভিযোগ রয়েছে।
অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য উপাত্তে তাদের নামে ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। যে কোনো সময় এসব হিসাব থেকে উত্তোলনপূর্বক হস্তান্তর, রূপান্তর কিংবা স্থানান্তরিত হয়ে বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। তাই এসব ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।
এ ছাড়া পৃথক আবেদনে দুদকের উপপরিচালক মাসুদুর রহমান নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত হিসাব অবরুদ্ধসহ জমি জব্দের আদেশ দেন।
নাবিল গ্রুপ রাজশাহী অঞ্চলের ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। ২০২২ সালে বেনামি ঋণের কারণে গ্রুপটি হঠাৎ আলোচনায় আসে। ২০২২ সালের মার্চ পর্যন্ত ইসলামী ব্যাংকে নাবিল গ্রুপের ঋণ ছিল ২ হাজার কোটি টাকার কিছু বেশি।
হঠাৎ করে ইসলামী ব্যাংক, এসআইবিএল ও ফার্স্টসিকিউরিটি ইসলামীসহ এস আলমের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকে নাবিল গ্রুপের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে ১২ হাজার কোটি টাকার মতো ঋণ হয়। এসব ঋণের বেশিরভাগই এস আলমের বেনামি বলে ধারণা কেন্দ্রীয় ব্যাংকের। সুদসহ এসব ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৪ হাজার কোটি টাকার বেশি।