আগামী ৩ এপ্রিলও ঈদে সরকারি ছুটি টানা ৯ দিন
ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটি আরও লম্বা হয়েছে। ঈদ উপলক্ষে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার।
সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়।
উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। সেই হিসেবে ঈদের আগের দুদিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুদিন ১ ও ২ এপ্রিল (মঙ্গল ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ছয়দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। পরে ৩ এপ্রিল নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। এতে ওই ছয়দিন ছুটির সঙ্গে আরও তিন দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।