বারবার মাঝপথে ট্রেনের ইঞ্জিন বিকল,শঙ্কা ঈদযাত্রায়
একের পর এক আন্তনগর, লোকাল, কমিউটারসহ যাত্রী ও পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হচ্ছে মাঝপথে। এভাবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। বারবার ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঈদযাত্রা পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। অন্যান্য সময়ের তুলনায় ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেন চালাতে যে পরিমাণ ইঞ্জিনের প্রয়োজন, তা নেই। জোড়াতালি দিয়ে ট্রেন সচল রাখতে হচ্ছে। ইঞ্জিনগুলো বিরতিহীনভাবে ব্যবহার করতে হচ্ছে। তাই বিকল হওয়ার ঘটনা ঘটছে। তবে ঈদের সময় যাতে মাঝপথে ইঞ্জিন বিকল না হয়, সে জন্য তাঁরা তৎপরতা শুরু করেছেন। ইঞ্জিন–সংকটের কারণে ঈদের সময় এবার পূর্ব ও পশ্চিম অঞ্চলে বিশেষ ট্রেনের সংখ্যা ১০ জোড়া থেকে কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।
রেলওয়ের পশ্চমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল হক বলেন, ইঞ্জিন–সংকটের পাশাপাশি বিকল হওয়ার সমস্যাও রয়েছে। তবে ঈদের সময় যাত্রীবাহী ট্রেনগুলোর ইঞ্জিন যাতে মাঝপথে বিকল হয়ে না যায়, সে জন্য তাঁরা কাজ করছেন।
ঈদের সময় ট্রেনের সংখ্যা আরও বাড়বে। কেননা ঈদযাত্রায় যাত্রীবাহী ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। নিয়মিত ট্রেনের বাইরে বিশেষ ট্রেন চালানো হবে। তখন চাপ আরও বেড়ে যাবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে রেল খাতে লাখকোটি টাকা ব্যয় হয়। বিশেষ করে রেলপথ নির্মাণ ও দৃষ্টিনন্দন স্টেশন নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তবে ইঞ্জিন ও কোচের সংকটে নিরসনে মনোযোগ ছিল কম। শেষ ১২ বছরে মাত্র ৩৯টি ইঞ্জিন কেনা হয়েছিল। যার মধ্যে সর্বশেষ ২০২১ সালে কেনা হয় ২৯টি ইঞ্জিন। যেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে।
রেলওয়ের যান্ত্রিক প্রকৌশল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিদিন ১১৩ থেকে ১১৬টি ইঞ্জিন প্রয়োজন। কাগজে-কলমে ১৪০টি ইঞ্জিন থাকলেও পাওয়া যায় ৮০ থেকে ৮২টি। একটি ইঞ্জিন গন্তব্যে পৌঁছার পর কিছু সময়ের জন্য বিশ্রামে রাখতে হয়। কিন্তু তা সম্ভব হয় না। ফলে মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যায়।