তথ্য উপদেষ্টা

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ড লাইনে যাবে

Mahfuz Alam
অনলাইন ডেস্ক : ০২ এপ্রিল ২০২৫ ০১:১৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০২ এপ্রিল ২০২৫ ০১:১৫ অপরাহ্ন
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ড লাইনে যাবে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম.....সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে চরমপন্থার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা নিশ্চিত করব যে, দেশের কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা নির্বাচনের মাধ্যমে ভূমিকা রাখতে চাই। কিন্তু যদি আলোচনা ও সতর্কতা কাজ না করে এবং কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার অবশ্যই কঠোর অবস্থানে যাবে।”

আজ বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ-অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, “শহীদদের চেতনা যেন দেশের জনগণ ধারণ করে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা চেষ্টা করছি, গণ-অভ্যুত্থানে শহীদদের ন্যায়বিচার নিশ্চিত করতে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণও এর সঙ্গে রয়েছে। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারব।”

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “যত দিন আছি, আমরা চাইব গণমাধ্যমের গুণগত মানোন্নয়নের জন্য কাজ করতে। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবে মফস্বল ও কেন্দ্রীয় পর্যায়ের বিষয়গুলো বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।