রাজশাহীতে গ্রাফিতি ও ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা

Graffiti and Calligraphy Painting Workshop
নিজস্ব প্রতিবেদক: ০৯ এপ্রিল ২০২৫ ০৩:২১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৯ এপ্রিল ২০২৫ ০৩:২১ অপরাহ্ন
রাজশাহীতে গ্রাফিতি ও ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা
......সংগৃহীত ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের বিকল্প শিল্প: গ্রাফিতি ও ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা’। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সোমবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মোস্তফা জামান।

টানা পাঁচ দিনব্যাপী এই কর্মশালা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপপরিচালক প্রদ্যুৎ কুমার দাস এবং প্রশিক্ষণ বিভাগের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস কেয়া।

কর্মশালায় অংশ নিয়েছেন শিক্ষাবিদ ও শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার; শিল্পী ইব্রাহিম মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী মনিকা এমিলিয়া, আরিফুল ইসলাম ও রায়হান আহমেদসহ ১০ জন নবীন-প্রবীণ শিল্পী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, সারাদেশে পাঁচটি জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় প্রথমবারের মতো ১২ মার্চ থেকে ১৬ মার্চ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে দ্বিতীয় আয়োজনটি চলছে। এরপর খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

প্রতিটি কর্মশালায় ১০ জন শিল্পী অংশ নিচ্ছেন এবং তারা প্রত্যেকে দুটি করে গ্রাফিতি ও ক্যালিগ্রাফি চিত্র আঁকছেন। এসব কর্মশালা থেকে সংগৃহীত মোট শতাধিক চিত্রকর্ম নিয়ে ঢাকার শিল্পকলা একাডেমিতে একটি বৃহৎ প্রদর্শনীর আয়োজন করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের স্মরণে তৈরি এসব চিত্রকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে। এ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে নাট্যোৎসব ও আলোচনাভিত্তিক প্রদর্শনীও চলমান রয়েছে।