ডায়াবেটিস হলেই কি চোখের সমস্যা দেখা দেয়?
বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস একা আসে না, আরো নানা শারীরিক সমস্যা সঙ্গে নিয়েই আসে। এই রোগ ধরা পড়লেই শুরু হয় আতঙ্ক। ক্ষতি হয় হার্ট, লিভার, কিডনিসহ বিভিন্ন অঙ্গের। আর যে অঙ্গটির ক্ষতি বেশি হয়, তা হলো চোখ।
অনেকেই শুনলে আঁতকে উঠবেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে দৃষ্টিশক্তি চলেও যেতে পারে।
২০২২ সালের এক সমীক্ষায় গবেষকেরা দাবি করেছেন, ডায়াবেটিসের কারণে দৃষ্টি ঝাপসা হতে পারে অথবা তা চলেও যেতে পারে। ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ভারতে অন্তত ৮ হাজার ডায়াবেটিক রোগীর মধ্যে ১২.৫ শতাংশই ভুগছেন দৃষ্টিশক্তির সমস্যায়।
অনেকেরই রেটিনা ক্ষতিগ্রস্ত। তার মধ্যে অন্তত ৪ শতাংশের অবস্থা রীতিমতো সংকটাপন্ন।
ডায়াবেটিসের কারণে রেটিনার ক্ষতি হলে তাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’। রেটিনা চোখের সবচেয়ে সংবেদনশীল পর্দা।
আলোকরশ্মি চোখের ভেতর ঢুকে রেটিনায় প্রতিফলিত হয়েই দৃশ্যমানতা তৈরি করে। রক্তশূন্যতা বা অক্সিজেনের অভাবে রেটিনার সূক্ষ্ম রক্তজালিকাগুলো বন্ধ হয়ে যায়। কখনো আবার রক্তনালির মধ্যে পানি বা তেল জাতীয় পদার্থ জমে গিয়ে ফোলা অংশ তৈরি হয়। সেখানে রক্ত জমাট বেঁধে চোখে জ্বালা-যন্ত্রণা হয়।
আবার কখনো রক্তনালিতে ছিদ্র তৈরি হয়ে সেখান থেকে রক্ত চুইয়ে বাইরে বের হয়ে আসে।
ফলে আলোকরশ্মি চোখে ঢুকতে বাধা পায়। ধীরে ধীরে ঝাপসা হতে থাকে দৃষ্টিশক্তি। ডায়াবেটিসের কারণে এই সব সমস্যাই দেখা দিতে পারে।
সমস্যা শুরু হয় চোখে ব্যথা দিয়ে। দূরের জিনিস শুধু নয়, কাছের জিনিস দেখতেও সমস্যা হয়। দুই পাশের দৃশ্য দেখাতেও সমস্যা হয় অনেক সময়েই। রং বুঝতে পারবেন না রোগী, হঠাৎ চারদিক অন্ধকার দেখা, নির্দিষ্ট কোনো অংশ দেখতে না পাওয়া এবং আচমকা আলোর ঝলকানি দেখা— এসবও ডায়াবেটিক রেটিনোপ্যাথির লক্ষণ।
ডায়াবেটিক রোগীরা চোখে এই ধরনের সমস্যা অনুভব করলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এ ক্ষেত্রে চিকিৎসকরা অ্যাঞ্জিয়োগ্রাফি, চোখের স্ক্যানের মাধ্যমে রোগ নির্ণয় করেন। লেজার থেরাপি, চোখের ইঞ্জেকশন বা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দৃষ্টিশক্তি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টাও হয়। ছয় মাস অন্তর চোখ পরীক্ষা করালে বিপদের ঝুঁকি অনেক কম থাকবে।
সূত্র : আনন্দবাজার