স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি

Jahangir Alam Chowdhury
অনলাইন ডেস্ক : ১০ এপ্রিল ২০২৫ ০৪:১৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১০ এপ্রিল ২০২৫ ০৪:১৭ অপরাহ্ন
লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী....সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অস্ত্র উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই। তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি।

ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা কার আত্মীয় কার স্বজন এসব কোনকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

 সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এসব ঘটনার ক্ষেত্রে সংবাদ কর্মীদের সত্যি ঘটনা তুলে ধরারও আহবান জানান তিনি।

পুলিশের নানান সংকট উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এই যে ধরেন তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।

তিনি আরও বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ অনেক গাড়ি নষ্ট হয়েছে, থানা ফাঁড়ি পুড়ে গেছে। একটাও নতুন গাড়ি এখন পর্যন্ত কেনা সম্ভব হয়নি। তবে সবকিছুই আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।

থানা পরিদর্শনকালে লালগালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি বারবার বলেছি এই প্রটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না। কেন রাখছো, উঠাও উঠাও। না করি তোমরা শুনো না।