ছাত্রীর ভিডিও ধারণের সময় ২ ছাত্রকে আটক

2 students detained
নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন
ছাত্রীর ভিডিও ধারণের সময় ২ ছাত্রকে আটক
ছাত্রীর ভিডিও ধারণের সময় ২ ছাত্রকে আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ইভটিজিং ও গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ শামসুজ্জোহা চত্বর সংলগ্ন রাস্তায়।

আটককৃতরা হলেন, বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।

ভুক্তভোগী ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করার পর কয়েকটি মোটরসাইকেল তাকে অনুসরণ করে। ভয় পেয়ে তিনি চিৎকার করলে উপস্থিত শিক্ষার্থীরা দেখতে পান, একজন পেছন থেকে তার ভিডিও ধারণ করছে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তদের ধরে প্রক্টর দপ্তরে নিয়ে যান। সেখানে প্রক্টরিয়াল বডি ভুক্তভোগী ছাত্রীসহ সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন। তদন্ত শেষে মোটরসাইকেল আরোহীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ভিডিও ধারণে জড়িত দুইজনকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ফটকে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।