কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

Demand for KUET VC's resignation
নিজস্ব প্রতিবেদক: ২৩ এপ্রিল ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৩ এপ্রিল ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকাল ১১টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। তাদের স্লোগানে ছিল, “দফা এক, দাবি এক—মাসুদের পদত্যাগ”, “আমার ভাই হচ্ছে লাশ, ইন্টেরিম খাচ্ছে ঘাস”, “শিক্ষাঙ্গনে হামলা কেন, প্রশাসন জবাব চাই” ইত্যাদি।

যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ বিল্লাহ রিফাত বলেন, “কুয়েটের শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার দায় নিয়ে উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ বাতিল করতে হবে।”

একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, “আমাদের কুয়েটের ভাইবোনেরা অনশনে আছে। যদি তাদের কারও কোনো ক্ষতি হয়, তবে তার দায় ছাত্রসমাজ নেবে না। গোটা বাংলাদেশ আজ তাদের পাশে আছে। আমরা কুয়েট ভিসির পদত্যাগসহ সব দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।”

মেকাট্রনিক্স বিভাগের শিক্ষার্থী রাফি বলেন, “ভিসির পদত্যাগ না করার পেছনে আমরা রাজনৈতিক প্রভাব দেখছি। আমাদের কিছু বিভাগ আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। দাবিগুলো মেনে না নিলে সামনে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি আছে।”