দেশে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫৩টি নদনদী বিপন্ন
ফারাক্কা বাঁধের মরণছোবলে দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫৩টি নদনদী অস্তিত্ব হারানোর মুখে। এক সময়ের খরস্রোতা এসব নদনদী আজ পরিণত হয়েছে পরিত্যক্ত নালা বা খালে। কোনো কোনো নদী সম্পূর্ণ হারিয়ে গেছে। ফলে কয়েক কোটি মানুষের জীবন-জীবিকা সংকটে পড়েছে। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প ও নৌচলাচল।
নদীগুলোর বুকজুড়ে এখন চলছে ফসলের চাষ। বিশেষ করে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২৬টি জেলার নদনদী শুকিয়ে যাওয়ায় ভূ-প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাড়ে চার কোটির বেশি মানুষ। পানিস্তরও নেমে গেছে আশঙ্কাজনকভাবে। ফারাক্কার প্রত্যক্ষ প্রভাবে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প বন্ধের পথে। সুন্দরবন অঞ্চলের নদনদীতেও বেড়েছে লবণাক্ততা।
খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর। ১৯৭৫ সালের ২১ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হয় ভারতের একতরফা ফারাক্কা বাঁধ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা গ্রামে গঙ্গা নদীর ওপর নির্মিত হয় ১১৯টি লকগেটবিশিষ্ট এ বাঁধ। ফারাক্কা থেকে ১৮ কিলোমিটার ভাটিতে বাংলাদেশের পাকা পয়েন্টে গঙ্গার নাম বদলে হয় পদ্মা।
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরবর্তী এলাকাগুলো ঘুরে দেখা গেছে, নদীর বুকজুড়ে ধু-ধু বালুচর। সরু একটি চ্যানেলে কোনোভাবে পানিপ্রবাহ সচল রয়েছে। পানিপ্রবাহ কমে যাওয়ায় জেলার ছয়টি নদনদী এখন মৃতপ্রায়।
মনাকষা, বিনোদপুর ও দুর্লভপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত চকের নদী একসময় ছিল ৫০০ মিটার প্রশস্ত, খরস্রোতা। এখন তা র্ব্ষাকালেও বদ্ধ খালে পরিণত হয়েছে।
তেলকুপি গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম জানান, স্বাধীনতার পরও চকের নদী দিয়ে বড় বড় মালবাহী নৌকা চলাচল করত। এখন নদীর বুকজুড়ে ধান চাষ হচ্ছে। তিনি বলেন, “আরও কয়েক বছর পরে নতুন প্রজন্ম জানবেই না এখানে একটা নদী ছিল।”
চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ঐতিহাসিক নদী পাগলা নদী। এক সময়ের গভীর এ নদী এখন পরিণত হয়েছে সরু নালায়। কয়েক বছর আগে খনন করা হলেও স্বাভাবিক পানিপ্রবাহ ফেরেনি। দুই কূলে চলছে কৃষিকাজ, নৌচলাচল প্রায় বন্ধ।
মহানন্দা নদীর অবস্থাও ভয়াবহ। মালদহ থেকে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর গোদাগাড়ী হয়ে পদ্মায় মিশেছে। ৯৫ কিলোমিটার দীর্ঘ এই নদী এখন বছরে মাত্র চার মাস পানি ধরে রাখে, বাকি সময়ে চাষাবাদ চলে নদীর দুই পাড়ে।
পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, “মহানন্দা জেলার গুরুত্বপূর্ণ নদী। এর দুই তীরে শহর-বন্দর গড়ে উঠেছে। কিন্তু পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীটি এখন বিপন্নপ্রায়।”
চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদীও একই অবস্থার শিকার।
পদ্মার পানি কমে যাওয়ায় রাজশাহীর বড়াল নদীও বিপর্যস্ত। চারঘাট থেকে উৎপন্ন হয়ে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ হয়ে যমুনায় মিশেছে বড়াল। সরেজমিনে দেখা গেছে, বড়ালের উৎসমুখে বিশাল বালুস্তর জমে গেছে, নদীটি পরিণত হয়েছে সরু নালায়। নদীর কোথাও কোথাও পানি নেই। নদী দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা।
বড়ালের প্রবীণ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “স্বাধীনতার সময় বড়াল দিয়ে বড় বড় মালবাহী নৌকা আসত আড়ানীতে। এখন বড়ালে পানি নেই, নৌচলাচলও বন্ধ। ফলে আড়ানীর ৪০টি ব্যবসা-বাণিজ্য কেন্দ্র ধুঁকছে।”
ফারাক্কার প্রভাবে রাজশাহীর মুসাখান, নাটোরের নারদসহ ১১টি নদীর পানিপ্রবাহও বন্ধ হয়ে গেছে। হারিয়ে যাওয়া পদ্মার শাখা নদীগুলো হলো: নারদ, সন্ধ্যা, স্বরমংলা, নবগঙ্গা, দয়া, হোজা, বারাহী, চিনারকুপ ও মুসাখান। নারদ নদী খনন করা হলেও পানিপ্রবাহ স্বাভাবিক হয়নি, উৎসমুখে পানি না থাকায়।
পাবনার ইছামতী নদীর অবস্থাও ভয়াবহ। রূপপুরের ভাড়ারা থেকে উৎপত্তি হয়ে বেড়া শহর হয়ে মরা হুরাসাগরে মিশেছে ৫০ কিলোমিটার পথ পেরিয়ে। ইছামতী ও এর শাখা আত্রাই নদী এখন মৃতপ্রায়। নদী দখল একটি বড় ইস্যু হয়ে উঠেছে এলাকায়।
কুষ্টিয়ার গড়াই নদীও মহাবিপন্ন। ফারাক্কার কারণে পানিপ্রবাহ কমে যাওয়ায় গড়াই হয়ে উঠেছে মৃতপ্রায়। ফলে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পও বন্ধ হওয়ার পথে। গড়াইয়ের পানির ওপর নির্ভরশীল ছিল দক্ষিণের বহু জেলার কৃষি।
পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চল বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ফারাক্কার প্রভাবে ছোট-বড় প্রায় ৫৩টি নদনদী বিপন্ন হয়ে পড়েছে। বহু নদনদী বিলীন হয়ে গেছে।
যৌথ নদী কমিশনের সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, “পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় তার ওপর নির্ভরশীল নদনদীগুলোর অবস্থাও ভয়াবহ। বছরের কয়েক মাস ছাড়া অধিকাংশ সময় পানিপ্রবাহ নেই। দুই দেশের চুক্তি অনুযায়ী সীমিত পানি আসছে ফারাক্কা থেকে। ফলে পদ্মা ও শাখা নদনদীগুলোর জৌলুস হারিয়ে গেছে। এর প্রভাব জনজীবনে সুদূরপ্রসারী।”