পুরনো ইট-খোয়া রেখেই রাজশাহীতে ১ কোটি ৩৪ লাখ টাকার কাজ
পুরনো ইট-খোয়া রেখেই রাজশাহীতে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে দুটি সড়কের সংস্কার কাজ চলছে। সড়ক দুটির ওপরে রেখে দেওয়া হয়েছে পুরনো কার্পেটিংও। কাজটি পরিদর্শনেই যাননি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। স্থানীয়রা বলছেন, দুটি সড়কের একটি খানাখন্দে ভরলেও একটি সড়ক ভালোই ছিল। ওই রাস্তাটিও সংস্কারের নামে অর্থ তছরুপ করা হচ্ছে।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় একই প্যাকেজে সড়ক দুটির সংস্কার হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সিটি করপোরেশন ওই প্রকল্প থেকে মোট ৫৩ কোটি টাকা পেয়েছে।
এরমধ্যে ১ কোটি ৩৪ লাখ টাকায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ভদ্রা জামালপুর এলাকা থেকে চকপাড়া পর্যন্ত ১ হাজার ৫০ মিটার ও ১ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম এলাকায় সাবেক এমপি ফজলে হোসেন বাদশার বাড়ির সামনে দিয়ে যাওয়া ৩০০ মিটার সড়কের সংস্কার রয়েছে। জামালপুর-চকপাড়া সড়কের পাশে ৩০০ মিটার ড্রেন সংস্কারও রয়েছে প্যাকেজের ভেতর। এই কাজ দুটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যৌথভাবে কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান গোলাম সারোয়ার ও আল হাদি ট্রেডার্স। পুরনো সড়কের ইট ও খোয়া ব্যবহার করে ব্যয় কমিয়ে বেশি লাভ করার চেষ্টা করছে প্রতিষ্ঠান দুটি।
গত রোববার (২৭ এপ্রিল) জামালপুর-চকপাড়া সড়কে গিয়ে দেখা যায়, পুরনো সড়ক থেকে কিছু কার্পেটিং তুলে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়েছে। তবে পুরো সড়কেই রয়েছে আগের পুরনো খোয়া এবং কার্পেটিং। তার ওপরেই নতুন করে কার্পেটিং করার প্রস্তুতি চলছে। সড়কের ভেঙে যাওয়া রোধে দুইপাশে একটি করে ইট দেওয়া হচ্ছে। এসব ইটের বেশিরভাগই পুরনো। মাঝে মাঝে কয়েকটি করে ইট নতুন দেখা গেছে।
নগরের হড়গ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, ওই সড়কটিও সংস্কার করতে খোড়া হয়েছে। স্থানীয়রা জানান, সড়কটি ভালোই ছিল। কোথাও একটিও খানাখন্দ ছিল না। তারপরও ভালো সড়ক সংস্কারের জন্য খোড়া হয়েছে। এতে তাদের চলাচলে দুর্ভোগ বেড়েছে। শুধুমাত্র অর্থ লোপাট করতে ভালো সড়ক সংস্কার করা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এই কাজের যৌক্তিকতা নিয়ে জানতে চাইলে রাসিকের প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন জনসংযোগ শাখার মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠান। এতে তিনি বলেন, হড়গ্রামের রাস্তার জন্য পরিকল্পনা স্থায়ী কমিটিতে অনুমোদন এবং যথাযথ কর্তৃপক্ষের বরাদ্দ সাপেক্ষে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।’ জামালপুরের রাস্তার ব্যাপারে তিনি বলেন, ‘রাস্তাটির কার্পেটিং তুলে নতুন এজিং ও বেড প্রস্তুত করা হচ্ছে। এজিং সম্পন্ন হলে ব্ল্যাক টপ রাস্তায় ফেলে রোল করা হবে। এরপর নতুন খোয়া ফেলে নিয়ম অনুযায়ী কার্পেটিং করা হবে।
প্রধান প্রকৌশলী জানান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার এই প্যাকেজের কাজ দেখাশোনার দায়িত্বে আছেন। এছাড়া কয়েকজন সহকারী প্রকৌশলী কাজ দেখছেন। তবে কাজ চলাকালে গত রোববার সেখানে সিটি করপোরেশনের কোনো প্রকৌশলীকে দেখা যায়নি। ঠিকাদার গোলাম সারোয়ার বলেন, ‘নির্বাহী প্রকৌশলী কখনও আসেননি। আমি তাকে দেখিনি। কোন নির্বাহী প্রকৌশলী দায়িত্বে আছেন সেটা আমি জানিও না।
সড়কের পাশে পুরনো ইট এবং সড়কের বেডে পুরনো সড়কেরই খোয়া ও কার্পেটিং রেখে দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রথমে তা অস্বীকার করেন ঠিকাদার গোলাম সারোয়ার। পরে তিনি বলেন, ‘এসব ব্যবহার করতে পারব কি না তা সিটি করপোরেশনকে জিজ্ঞেস করেন।’ এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন গোলাম সারোয়ার। আরেক ঠিকাদার শাহরিয়ার শওকত বলেন, তিনি কিছু বলতে পারবেন না। কাজ দেখাশোনা করেন গোলাম সারোয়ার।
সড়কের পাশে পুরনো ইট এবং বেডে পুরনো সড়কেরই খোয়া ও কার্পেটিং রেখে দেওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার বলেন, এটা ঠিকাদার পারেন না। আমি এটা দেখব।’ এখনও কাজ পরিদর্শন করতে না যাওয়ার ব্যাপারে জানতে চাইলে সুব্রত কুমার সরকার বলেন, ‘আমি কাজ শুরুর দিকে একবার গিয়েছিলাম। আর যাওয়া লাগে না। যখন কার্পেটিং হবে, তখন আবার আমি থাকব। এখন অন্যরা আছেন।