টেকনাফে ৪ কোটি মূল্যের মাদকসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও র্যাব।
সোমবার ৫ মে দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
আটক ইয়াবা পাচারকারী সাইফুল ইসলাম (২০) ও মদ কারবারি ওমর ফারুক (২৭) উভয়েই টেকনাফের বাসিন্দা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোর সাড়ে ৬টায় কোস্ট গার্ড ও র্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একজন মোটর সাইকেল আরোহীকে তল্লাশি করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে (২০) আটক করা হয়।
একই সময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ এলাকায় একটি ইজিবাইক তল্লাশি করে সিটের নিচে লুকায়িত অবস্থায় ২০ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদক কারবারি ওমর ফারুককে (২৭) আটক করা হয়।
জব্দকরা মাদক, মোটর সাইকেল, ইজিবাইক ও সকল আলামতসহ আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।