এনজিও অফিসে বিষপান করে মৃত্যুশয্যায় জহুরুল
দুর্ঘটনায় প্রবাসী ছেলের দুই পা পুড়ে গেছে। কিস্তি দিতে পারেননি বাবা জহুরুল ইসলাম (৫৫)। বেসরকারি সংস্থার (এনজিও) দুই ক্রেডিট অফিসার তাই জহুরুলের সদ্য বিবাহিত মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাকে অপমান করেন। ডেকে আনেন অফিসে। সেখানে কিস্তি দিতে দুইদিন সময় চেয়েছিলেন জহুরুল। কিন্তু সেই সময় তাকে দেওয়া হয়নি। তখন এনজিও অফিসেই বিষপান করেছেন তিনি।
জহুরুল এখন মৃত্যুশয্যায়। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে। গত ২৯ এপ্রিল দুপুরে পুঠিয়ার বানেশ্বর এলাকায় যশোরের বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) শাখা কার্যালয়ের ভেতরেই তিনি ঘাষ মারা বিষ পান করেন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসক বলছেন, ঘাষ মারা বিষ পানে মৃত্যু প্রায় নিশ্চিত। জহুরুলের ক্ষেত্রেও যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে। তার শরীরিক অবস্থা ভালো নয়।
সোমবার সকালে ১৩ নম্বর ওয়ার্ডে রাউন্ড শেষে দায়িত্বরত একজন জ্যেষ্ঠ চিকিৎসক জানান, জহুরুল যা পান করেছেন তা প্যারাকোয়াট গ্রুপের ঘাষ মারা বিষ। বেশি পরিমাণে এই বিষ খেলে বাঁচার সম্ভাবনা কম। অল্প খেলে কিছুটা সময় গেলেও রোগী সুস্থ হয়ে উঠতে পারে না। এখন পর্যন্ত এই বিষয়ের কার্যকারিতা নষ্টের কোনো এন্টিডট নেই। তারা সাপোর্টিভ চিকিৎসা দিচ্ছেন। এই রোগীর ক্ষেত্রে যে কোনো সময় খারাপ কিছু ঘটতে পারে।
জহুরুল কোয়েল পাখির ব্যবসা করেন। একবছর আগে আত্মীয়-স্বজনদের কাছে টাকা ধার নিয়ে ছেলে মো. নাহিদকে মালয়েশিয়া পাঠান। সেই টাকা শোধ করতে ৭ মাস আগে আরআরএফ থেকে ৩ লাখ টাকা ঋণ নেন। মাসিক কিস্তি প্রায় ৩০ হাজার টাকা। প্রতিমাসে নাহিদ টাকা পাঠালে জহুরুল কিস্তি দিতেন। এভাবে চারটি কিস্তি দিয়েছেন। দুর্ঘটনায় পড়ে গতমাস থেকে টাকা পাঠাতে পারেননি নাহিদ। বাবা জহুরুলও কিস্তি দিতে পারেননি।
হাসপাতালের বিছানায় শুয়ে এই প্রতিবেদকের সঙ্গে অস্পষ্ট উচ্চরণে কথা বলেন জহুরুল ইসলাম। কেন বিষপান করেন, এমন প্রশ্নে বললেন, ‘তিনজনার চাপে’। কারা তিনজন জানতে চাইলে বললেন, ‘অফিস, দুইটা স্টাফ ছিল। একটার নাম মার্জিয়া, একটার নাম রউফ।’
জহুরুল বলতে থাকেন, ‘বেটা টাকা পাঠাতে এই মাসে দেরি করিছে। ওর একটা একসিডেন্ট হইছিল। দুই পা-ই পুড়ে গেছিল। এনজিও থেকে সময় চাইছি দুইদিন, দেয় নাই। মিয়ের বাড়িতে আইসি চাপ দিছে। আমি সহ্য করতে পারিনি। অফিসে গেছি, অফিস আমাকে গ্রাহ্য করেনি।’
হাসপাতালে ছিলেন জহুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও মেয়ে শাহিদা খাতুন। সম্প্রতি রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় শাহিদার বিয়ে হয়েছে। গত ২৯ এপ্রিল সকালে আরআরএফের ক্রেডিট অফিসার আব্দুর রউফ ও মার্জিয়া খাতুন শাহিদার শ্বশুরবাড়িতে গিয়েই তার বাবা জহুরুল ইসলামকে পান। কিস্তি না দেওয়ার কারণে সেখানে তাকে অপমান করা হয়। মেয়ের শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ার পরে জহুরুল বানেশ্বরে আরআরএফের অফিসে যান। দুপুর ১২টার দিকে সেই অফিসের ভেতরেই বিষ পান করেন তিনি।
আরআরএফ অফিসের সামনে থেকে জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে নেন তার ভাগ্নে মুকুল হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, তার মামা কিস্তি দিতে দুদিন সময় চেয়েছিলেন। তখন এনজিও’র লোকেরা বলেন, ‘মরে গেলেও আজই কিস্তি দিতে হবে।’ এ সময় অভিমানে অফিস থেকে বেরিয়ে বানেশ্বর বাজারে গিয়ে বিষ কিনে আনেন তার মামা। এরপর বলেন, ‘এভাবে মানসিক নির্যাতন করা হলে আমি অফিসেই বিষ খাব।’ তখনও কিস্তির জন্য এনজিওর লোকেরা অনঢ় থাকলে তার মামা বিষপান করেন। এ সময় এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা তাকে অফিস থেকে বের করে দিয়ে অফিসে তালা দিয়ে সটকে পড়েন। তার মামাকে অফিসের সামনে পড়ে থাকতে দেখে একজন ফোন করেন। তখন তিনি উদ্ধার করেন।
বানেশ্বরে আরআরএফ অফিসে গিয়ে আঞ্চলিক ব্যবস্থাপক অজয় বিশ্বাস ও শাখা ব্যবস্থাপক সুশীল কুমার দাসকে পাওয়া যায়। আঞ্চলিক ব্যবস্থাপক অজয় বিশ্বাস বলেন, ‘আমাদের লোকেরা বলেছিল অফিসে বিষটিষ খাবেন না। যা করার বাইরে গিয়ে করেন।’ তিনি দাবি করেন, জহুরুল অফিসে বিষপান করেননি। অজয় বিশ্বাস এর বেশি কোনো কথাও বলতে চাননি।
আরআরএফের প্রধান কার্যালয় যশোরে। যোগাযোগ করা হলে সংস্থার নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, রাজশাহী থেকে আমাকে এটা জানানো হয়নি। আপনার কাছেই এটি প্রথম শুনলাম। এই ধরনের ঘটনা খুব খারাপ, অপ্রত্যাশিত। আমি খোঁজ নেব। এর জন্য আমাদের প্রতিষ্ঠানের কেউ দায়ী থাকলে অবশ্যই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বিষয়টা আমি জানি। জহুরুলের ভাগ্নে জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের কিছু করণীয় নেই। জহুরুল মারা গেলে আমরা ব্যবস্থা নেব। আর এনজিও’র কার্যক্রম নিয়ে কোনো অভিযোগ থাকলে আমরা তদন্ত করে দেখব।