রাজশাহীতে বালুর বস্তায় বাঁধ সংস্কার, ব্যয় নিয়ে প্রশ্ন
ভরা মৌসুমের আগে আগে রাজশাহীতে একটি বাঁধ সংস্কারে হাত দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মাত্র ১১০ মিটারের এই কাজের জন্য ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। অর্থাৎ, প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটের জন্য খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে, অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়ে শুরু হয়েছে লুটপাট।
নগরের শ্রীরামপুরে রাজশাহী পুলিশ লাইনসের ঠিক বিপরীতে এই সংস্কার কাজ চলছে। পুলিশ লাইনসের বিপরীত দিকেই রয়েছে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। সেখান থেকে আরও পূর্বে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার বাসভবন। যদি এই স্থানে ভাঙন শুরু হয়, তাহলে শহরের গুরুত্বপূর্ণ এসব স্থাপনা পদ্মার গর্ভে চলে যাওয়ার শঙ্কা রয়েছে।
দু’এক বছর পর পরই পদ্মায় নতুন পানি আসার সময় বাঁধের ওই স্থানটিতে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলতে দেখা যায়। এবারও পানি আসার আগে আগে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাঁধের ঠিক বিপরীতে পুলিশ লাইনসের ভেতর রয়েছে একটি পুকুর। ২০০ মিটারের কম দূরত্বে পাশাপাশি দুটি জলাধার থাকলে মাটির নিচ দিয়ে পানি চলাচল হয়। পানির এই গলনের ফলে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাঁধটি বার বার সংস্কার করতে হয়।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, শ্রীরামপুর এলাকার টি-গ্রোয়েন থেকে কেশবপুর বটগাছ পর্যন্ত ১১০ মিটার বাঁধ রক্ষায় বরাদ্দ এসেছে ১ কোটি ৮০ লাখ টাকা। এই প্রকল্পে বাঁধের উপরের দিকে ১২ মিটার ব্লক এবং নিচে ১৫ মিটার বালুর বস্তা ফেলা হবে। বস্তার নিচে থাকবে খোয়া ও বালিভর্তি ড্রেন, যাতে পানি জমে না থাকে। ১ কোটি ৬২ লাখ টাকায় দরপত্রের মাধ্যমে কাজটি দেওয়া হয়েছে খাজা তারেক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে।
সোমবার সকালে বাঁধে গিয়ে দেখা যায়, বাঁধের দক্ষিণ পাশে পদ্মায় বড় একটি চর গড়ে উঠেছে। সেই চরেই এখন বালুর বস্তা ভরা হয়েছে। সেই চর থেকে নৌকায় করে বালুর বস্তা এনে পাড়ে ফেলা হচ্ছে। বালুর বস্তা ভরার জন্য শ্রমিকেরা ১৪ টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন।
কাজ তদারকির জন্য ছিলেন পাউবোর কার্যসহকারী মাহবুব আলম ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাইনুল ইসলাম। তারা জানান, মোট ৩২ হাজার বালুর বস্তা ফেলা হবে। এরমধ্যে ডাম্পিংয়ে (পানির নিচে) থাকবে ২৬ হাজার ৫০০ বস্তা। আর স্লোপে (পানির ওপরে) থাকবে বাকি বস্তা। ওপরের দিকে কিছুটা অংশে থাকবে আগের পুরনো কংক্রিটের ব্লক।
পাউবোর রাজশাহীর কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অল্প একটু বাঁধ সংস্কারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ফুটের জন্য ৪৪ হাজার ৪৮১ টাকা বরাদ্দ অস্বাভাবিক। ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
জরুরি এই সংস্কারের প্রাক্কলন করেছিলেন রাজশাহী পাউবোর উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা। এ বিষয়ে মোবাইলে জানতে চাইলে তিনি উত্তরভূমিকে বলেন, যে কোনো প্রশ্ন থাকলে তথ্য অধিকার আইনে ফরম পূরণ করে আবেদন দিতে হবে। এর বাইরে তিনি কথা বলতে পারবেন না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, বার বার দেখি যে নদীতে পানি আসার পর সংস্কার কাজ শুরু হয়। পানিতে কত বালুর বস্তা ফেলে বা কী করে তার কোনো হিসাব পাওয়া যায় না। দেশে এখনও ৫০ বছর আগের পরিকল্পনায় কাজ চলে। এগুলো বন্ধ করে পরিকল্পনামাফিক কাজ করা উচিত যাতে ১০ বছর আর হাত দেওয়া না লাগে। এই কাজে অতিরিক্ত বরাদ্দ হয়েছে কি না সেটা খতিয়ে দেখা দরকার।
জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, এখন যে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তা জরুরি ভিত্তিতে ১ কোটি ৮০ লাখ টাকার। এটা স্থায়ী নয়, জরুরি ভিত্তিতে এই বরাদ্দ পেয়ে ১ কোটি ৬২ লাখ টাকায় কাজ দেওয়া হয়েছে। স্থায়ী সমাধান করতে গেলে প্রায় ১২ কোটি টাকা দরকার। একটা প্রকল্পের ভেতর এই অংশটুকু রেখে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেটি এখনও অনুমোদন হয়নি। তাই স্থায়ী সমাধান হচ্ছে না।