মিষ্টিপানের রস চুষে খাচ্ছে চিনিপোকা

'Sugarcane'
নিজস্ব প্রতিবেদক: ১০ মে ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১০ মে ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন
মিষ্টিপানের রস চুষে খাচ্ছে চিনিপোকা
....সংগৃহীত ছবি

আকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এ পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পান গাছের পাতায়, কাণ্ডে ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এই রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।

পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে তারা প্রথম চিনিপোকার আক্রমণ দেখতে পান। তারপর বহু কীটনাকশক স্প্রে করেছেন, কিন্তু লাভ হয়নি। কেউ ব্যবহার করেছেন নিমের তেল। কেউ পানিতে মরিচের গুড়া ও হ্যান্ডওয়াশ মিশিয়ে স্প্রে করেছেন। কেউ আবার পানিতে গুল ও উঁকুননাশক শ্যাম্পু স্প্রে করেছেন। তাতেও কোনো কাজ হয়নি। 

আক্রান্ত পানপাতা যে বিক্রি হয় না, তা নয়। অল্প দামে গ্রামের হাটে এ পানও বিকিয়ে যায়। তারপর দোকানে দোকানে এই পানের খিলি বানিয়ে দেওয়া হয়। ভোক্তারাও তা খেয়ে নেন। কিন্তু এই পানপাতা খাওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রাজশাহীর মোহনপুর, পবা, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়া উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পানবরজ আছে। বছরে এসব বরজ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার পান বিক্রি হয়। পানের এই বাজার রাজশাহীর আমের বাজারের চেয়েও বড়। রাজশাহীর মিষ্টিপানের সুনামও সবখানে। তাই গতবছর ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর মিষ্টিপান’। এই মিষ্টিপানের রসই চুষে খাচ্ছে চিনিপোকা।

সম্প্রতি জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামে বরজ থেকে পান তুলে বাড়ির উঠোনে সাজাচ্ছিলেন নাজমুল হক। তখন চিনিপোকায় আক্রান্ত পাতাগুলো তিনি আলাদা করে রাখছিলেন। নাজমুল জানালেন, সাধারণ পান পাতা বিক্রি হয় বেশি দামে। আর চিনিপোকায় খাওয়ার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে বর্ণ ধারণ করা পাতা বিক্রি হয় কম দামে। গ্রামের হাট থেকে এসব পান বিভিন্ন স্থানে চলে যায়। তারপর দোকানে দোকানে খিলি করে বিক্রি হয়। আর্থিকভাবে অস্বচ্ছল মানুষও বাড়িতে নিয়ে গিয়ে এই পান খেয়ে থাকেন।

এই গ্রামের পানচাষী মোশাররফ হোসেন জানালেন, তিন বছর আগে তারা প্রথম চিনিপোকার আক্রমণ দেখেন। চিনিপোকা ওঠে মাটি থেকে। তাপমাত্রা বেশি থাকলে এ পোকার আক্রমণ বেশি হয়। তবে শীতেও দেখা যায়। বৃষ্টি হলে এ পোকা পাতা থেকে ধুয়ে যায়। চিনির মতো দেখতে এ পোকায় হাত দিলেই গলে যায়। মোশাররফের ধারণা, বরজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এ পোকার আক্রমণ হতে পারে।


রাজশাহীর পবা উপজেলার কালুপাড়া গ্রামে শহীদুল ইসলামের পানবরজে গিয়ে চিনিপোকার আক্রমণ দেখা গেল। তিনি জানালেন, ওষুধ কোম্পানির লোকজন এসে পানবরজ দেখে যান। তিন বছর ধরে নানারকম কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছেন না। কেউ নিমের তেলের সঙ্গে ডিটারজেন্ট কিংবা হ্যান্ডওয়াশ মিশিয়ে স্প্রে করেন। কেউ আবার পানির সঙ্গে গুল ও উঁকুননাশক শ্যাম্পু স্প্রে করেন। কিন্তু তেমন কাজ হয় না। ১০ দিন বরজ ভাল থাকে। তারপর আবার পাতায় পাতায় পোকার আক্রমণ দেখা যায়।

দাওকান্দি বাজারে সেদিন পানের হাট বসেছিল। এই হাট থেকে বিড়া বিড়া পান কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। হাটে গিয়ে দেখা গেল, এক বিড়া (৬৪ পাতা) বড় আকারের ভাল পান বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকায়। আর চিনিপোকায় খাওয়া পান বিক্রি হচ্ছে ২০ টাকায়।

হাটে কথা হয় পানচাষি রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এ এক ভয়ংকর পোকা। তিন বছর আগে একটা-দুইটা করে দেখা দেয়। পরে অনেক হয়। বহু চেষ্টা করেছি, কিন্তুদমন করতে পারিনি। এমন কোনো বরজ নেই যে সেখানে এ পোকা পাওয়া যাবে না। রস চুষে খাওয়ার কারণে অনেক পাতা হলুদ হয়ে বরজেই ঝরে পড়ে। এর ফলে উৎপাদন কমে যাচ্ছে, লোকসান হচ্ছে। কারণ, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় এখন বরজ করতে অতিরিক্ত খরচ।

চিনিপোকা আক্রান্ত পানপাতা শুধু উৎপাদনেই নয়, প্রভাব ফেলছে ভোক্তার স্বাস্থ্যেও। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পান খেলে সরাসরি বড় কোনো স্বাস্থ্যঝুঁকি না থাকলেও পরোক্ষভাবে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। চিনিপোকা গাছের পাতায় মিষ্টি রস নিঃসরণ করে, ফলে পাতার গায়ে গাঢ় রঙের ছাঁচ জন্ম নেয়। এ ছাঁচ পরিষ্কার না করা হলে তা মানুষের পরিপাকতন্ত্রে সংক্রমণ ঘটাতে পারে। আবার পোকা দমনের জন্য ব্যবহৃত বিষাক্ত রাসায়নিকের অবশিষ্টাংশ পাতায় থেকে যায়। এসব পান স্বাস্থ্যের জন্য হতে পারে বিপজ্জনক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, চিনিপোকার আক্রমণ থাকা পান গ্রহণ করলে হালকা বিষক্রিয়া হতে পারে। এ ধরনের পান একাধিক গ্রহণ করার ক্ষেত্রে বমি, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পেটের অস্বস্তি কিংবা অরুচির মতো সমস্যা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে গ্রহণ করা হলে ক্যান্সারের ঝুঁকি আছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা জানান, পান মানুষ সরাসরি খান বলে এতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারও ঝুঁকিপূর্ণ। এ কারণে অর্গানিক উপায়ে আপাতত চাষিদের চিনিপোকা দমনের চেষ্টা করতে বলা হয়েছে। এরমধ্যে নিমের তেল, শ্যাম্পু, ডিটারজেন্ট ও গুল ব্যবহারের পরামর্শ তারাই চাষিদের দিয়েছেন।

তিনি বলেন, বরজে গিয়ে তারা চিনিপোকার কথা জানতে পারেন। এর জন্য এখন পর্যন্ত আলাদা কোনো কীটনাশক নেই। তাই এ বিষয়ে গবেষণার জন্য বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রকে বলা হয়েছে। তারা এটা নিয়ে গবেষণা করে। তবে তারাও এ পর্যন্ত কোনো পরামর্শ দিতে পারেনি।

মসলা গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার হায়দার প্রধান বলেন, চিনিপোকার কথা জানতে পেরে আমরা পানবরজ পরিদর্শন করেছি। চিনিপোকা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে দেখেছি এটা মাকড়। এর জন্য আলাদা কোন ওষুধ নেই। তবে আক্রমণের শুরুতে মাকড়নাশক ব্যবহার করলে ফল পাওয়া যাবে। বেশি আক্রমণ হয়ে গেলে লাভ হবে না। আক্রান্ত পাতা বরজ থেকে সরিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তা না হলে অন্য বরজও আক্রান্ত হতে পারে।

তিনি বলেন, চিনিপোকার আলাদা ওষুধের জন্য গবেষণা প্রয়োজন। রাজশাহীর মিষ্টি পান নিয়েও গবেষণা হওয়া দরকার। গতবছর ডিসি সম্মেলনে এ দাবি উঠেছিল। এরপর সরকারের তরফ থেকে আমাদের মতামত চাওয়া হয়। আমরা সরেজমিনে সবকিছু দেখে মোহনপুর উপজেলায় করার প্রস্তাব দিয়েছিলাম। কৃষি গবেষণা ইনস্টিটিউটে এ সংক্রান্ত প্রতিবেদন দিয়েছিলাম। কিন্তু এখন আর এটার কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। এটা হলে রাজশাহীর পানের জন্য খুব ভালো হবে।