হজযাত্রীদের টাকা আত্মসাতের অভিযোগ
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আয়েন উদ্দিনের ভাইরার ভাই গিয়াস উদ্দিন মাস্টার হজযাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন—এমন অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের পূবালী মার্কেটস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন নিউ যমুনা ফেব্রিক্স হজ কাফেলার পরিচালক নূর হোসেন।
সংবাদ সম্মেলনে নূর হোসেন বলেন, করোনা মহামারির সময় আমার কাফেলা থেকে কয়েকজনকে হজে পাঠানোর প্রস্তুতি চলছিল। তখনই তৎকালীন সংসদ সদস্য আয়েন উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন মাস্টারের সঙ্গে পরিচয় হয়। তাঁর মাধ্যমেই পরিচিত হই বাগমারা উপজেলার সুজনপালশা গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের সঙ্গে। মকবুল জানান, তিনি আমার কাফেলার জন্য হজযাত্রী সংগ্রহে সহায়তা করবেন। পরে আমি সৌদি আরবে গিয়েছিলাম হজযাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে। সেখানেই অর্থসংকটে পড়লে বিষয়টি গিয়াস উদ্দিন ও মকবুলকে জানাই।
তিনি জানান, এরপর গিয়াস উদ্দিন মাস্টার ও মকবুল হোসেন যৌথভাবে অন্তত ১৬ জন হজযাত্রীর কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা করে মোট প্রায় সাড়ে চার লাখ টাকা সংগ্রহ করেন। যদিও এই টাকা আদায় করা হয়েছিল যমুনা হজ কাফেলার নামে, কিন্তু রশিদ দেওয়া হয় ‘পদ্মা হজ কাফেলা’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে।
নূর হোসেন বলেন, এই টাকা তারা আমাকে না দিয়ে নিজেদের কাছে রেখে দেয়। আমি হজযাত্রীদের কাছ থেকে পরবর্তীতে বিষয়টি জানতে পারি। তখন টাকা ফেরত চাইলে তারা দলীয় প্রভাব দেখিয়ে হুমকি-ধমকি দিতে শুরু করেন। ফলে তাদের কাছ থেকে আদায় করে হজযাত্রীদের সেই টাকা আমি ফেরত দিতে পারিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরে আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তি ২ লাখ ৪১ হাজার টাকা দাবি করে মামলা করেন। ওই মামলায় আসামি করা হয়েছে নূর হোসেনকে। অথচ পুরো ঘটনায় তিনি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। তার অভিযোগ, প্রতারক মকবুলই কাইয়ুমকে দিয়ে মামলা করিয়ে নিজেই সেখানে সাক্ষী হয়েছেন।
নূর হোসেন বলেন, ‘এই প্রতারক চক্রের হাত থেকে আমি মুক্তি চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মকবুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অপরদিকে গিয়াস উদ্দিন মাস্টার বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক। মকবুলের মাধ্যমেই যমুনা হজ কাফেলা থেকে আমি ওমরাহ করেছি। কিন্তু কাফেলার নামে কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। মকবুলই টাকা নিয়েছে এবং তা নূর হোসেনকে দিয়েছে। এখন নূর হোসেন অস্বীকার করছেন।