আকাশে সূর্য উঠলে পরিষ্কার দেখবেন, আওয়ামী লীগ নিয়ে সিইসি

AKM Nasir Uddin
অনলাইন ডেস্ক : ১২ মে ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১২ মে ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
আকাশে সূর্য উঠলে পরিষ্কার দেখবেন, আওয়ামী লীগ নিয়ে সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন.......সংগৃহীত ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট এখনো পাননি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট এখনো আমাদের হাতে পৌঁছায়নি। আকাশে সূর্য উঠে গেলে পরিষ্কার হবে। তখন দেখতে পাবেন।

সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, এখনো আমাদের হাতে গেজেট পৌঁছায়নি। প্রজ্ঞাপনটা আসতে দেন। অফিসিয়াল ডকুমেন্টস হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।

জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দাবি ওঠে আওয়ামী লীগের নিষিদ্ধেরও। তবে কোনো কোনো দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে মত দেন।

কিন্তু ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার খবরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তীব্র হয়ে ওঠে।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটিকে নিষিদ্ধের দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবির মুখে শুক্রবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দলটির নিবন্ধন কী হবে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন বলেন, গেজেট প্রকাশের পর এ নিয়ে সিদ্ধান্ত হবে।

সিইসি বলেন, আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। ডেফিনেটলি ইলেকশন কমিশন এই দেশের জন্য কাজ করে। এই বিষয়ে আমরা ইকুয়েলি কনসার্ন। যখন আকাশে সূর্য উঠে যাবে পরিষ্কার দেখতে পারবেন।”

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির সঙ্গে বৈঠক প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, গত তিন নির্বাচনে জিমি কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেননি। এবার আসার জন্য তারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি। বলেছি অভিজ্ঞতা যাদেরই আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাব।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারাই কাজ করে তাদের আমরা উৎসাহিত করি। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। তারা ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছেন।

সিইসি বলেন, তারা আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা যে ওয়াদা করেছি তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।

বৈঠক শেষে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোনস্ট্রিট বলেন, আমাদের দল নির্বাচন পূর্ববর্তী মূল্যায়নের জন্য অংশীদারদের সঙ্গে বৈঠক করছি। এরই অংশ হিসেবে সিইসির সঙ্গে আমাদের প্রতিনিধিদল বৈঠক করেছে।

এর আগেও ১৯৬৮ এবং ২০০১ সালে কার্টার সেন্টারের প্রতিষ্ঠাতা (সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টার) বাংলাদেশ সফর করেছিলেন। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্বের সঙ্গে পালন করে থাকি।