লঞ্চে তরুণীদের মারধর দুই দিনের রিমাণ্ডে সেই যুবক
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি জিহাদ ওরফে জিহাদ হাসানের (২৪) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ মে) মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এ আসামি জিহাদকে হাজির করলে দুপুর ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইমরান আহমেদের উপস্থিতিতে রিমান্ডের আবেদন শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।
এর আগে, গত রোববার (১১ মে) জিহাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে আনা হলে ওই আদালতের বিচারক আজ সোমবার রিমান্ডের আবেদন শুনানির দিন ধার্য করেন এবং আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত শুক্রবার মুন্সীগঞ্জে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধের প্রেক্ষিতে মুক্তারপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের অন্যান্য ধারায় মুন্সীগঞ্জ থানায় জিহাদসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গত শনিবার দুপুরে নেহালকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
সবশেষ রোববার সকালে মুক্তারপুর নৌপুলিশ বাদী হয়ে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছেন। মামলায় একজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন আসামি রয়েছে। মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে।
আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা বলেন, সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ জিহাদ নামের এক আসামিকে গতকাল রোববার আদালতে আনা হয়েছে। আজ তাকে আদালতে উঠালে মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।