কোথায় আত্মগোপনে ছিলেন মমতাজ, যা জানা গেল

Singer and former member of parliament Momtaz Begum
অনলাইন ডেস্ক ১৩ মে ২০২৫ ০১:০৫ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ১৩ মে ২০২৫ ০১:০৫ অপরাহ্ন
কোথায় আত্মগোপনে ছিলেন মমতাজ, যা জানা গেল
কোথায় আত্মগোপনে ছিলেন মমতাজ, যা জানা গেল

দীর্ঘ নীরবতা ভেঙে আলোচনায় ফিরেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তবে এবার শিরোনামে এলেন ভিন্ন কারণে।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলা চলমান রয়েছে। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।”

নীরবতা, আত্মগোপন ও প্রত্যাবর্তন

২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুকে একটি গানের ভিডিও পোস্ট করে হঠাৎই আলোচনায় আসেন মমতাজ। সেটিই ছিল গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর তার প্রথম অনলাইন উপস্থিতি। ওই সময় থেকে রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম- দুটো থেকেই যেন গায়েব হয়ে গিয়েছিলেন তিনি।

১৩ অক্টোবরের গানে ছিল একটি লাইন- “আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে”- যা অনেকেই এক ধরনের সাংকেতিক ‘ঘোষণা’ হিসেবে ব্যাখ্যা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসে এই গানটি পোস্ট করায় কেউ কেউ বলেছিলেন, তিনি হয়তো আত্মগোপন ভেঙে আবার দৃশ্যপটে ফিরছেন।

রাজনৈতিক পটভূমি

গণমাধ্যম ও সংসদে আলোচনার কেন্দ্রে থাকা এই গায়িকা সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে।

এর আগে, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এবং পরে ২০১৪ সালে সরাসরি মানিকগঞ্জ-২ থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মমতাজ।

বর্তমানে তাকে গ্রেপ্তারের পর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা- এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য কীভাবে এলেন এমন এক অধ্যায়ে?