১২টি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার
The accused was arrested
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১২টি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. সাব্বির (২৭)। পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে তার বাড়ি। র্যাব বলছে, গ্রেপ্তার সাব্বির এলাকার একজন সন্ত্রাসী এবং ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা।
মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকেই সাব্বিরকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।