নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য গ্রেপ্তার

Md. Naimul Islam
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৫ ০৭:২২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৫ ০৭:২২ অপরাহ্ন
নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য গ্রেপ্তার
নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য গ্রেপ্তার

নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) মো. নাইমুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (১৭ মে) দুপুর দুইটায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর ৫ আগস্ট থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছু বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানি মূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায়, তিনি আগামীকাল রোববার ( ১৮ মে) ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানি মূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।

এ ধরনের শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ (শনিবার) আনুমানিক দুপুর ২টায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এসময় সৈনিক (বরখাস্ত) নাইমুল তার কিছু সহযোগীসহ, উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

উল্লেখ্য, সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর নিকট যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।