৩৫ সাংবাদিক বহনকারী বাস খাদে,আহত ৫
সাতক্ষীরার তালার ৩৫ জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ৫ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দিন জানান, রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠি মোড়ের জগানন্দকাটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন কৃষ্ণ, হিরন খান ও একরামুল ইসলামসহ ৫ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তাৎক্ষণিকভাবে সবার নাম ও পরিচয় জানা যায়নি।
মির্জাপুর বাজারের ভ্যানচালক জোহর আলী বলেন, শাহ সিমেন্টের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান বামদিক থেকে উল্টোদিকে সাংবাদিক বহনকারী বাসের দিকে চলে আসে। সাংবাদিক বহনকারী ওই বাস দুর্ঘটনা এড়াতে আরেকদিকে চলে গেলে তিনগড়ান দিয়ে উল্টে পড়ে। এসময় অনেকেই আহত হয়। তার মধ্যে ৫ জন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছিল। দ্রুত সংস্কার প্রয়োজন।
দুর্ঘটনার শিকার এক সাংবাদিক বলেন, ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে মৃত্যুর কাছ থেকে ফিরে এলাম।
সিনিয়র সাংবাদিক নাদিরা পারভিন জানান, শনিবার বিজিবির একটি ভাসমান বিওপি উদ্বোধনের সংবাদ সম্পন্ন করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বয়ারসিংয়ে আসেন সাংবাদিকরা। কাজ শেষে আজ ঢাকায় ফিরছিলেন সাংবাদিকরা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে তারা।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের সাব ইন্সপেক্টর আনিস জানান, বাসটি রাস্তার পাশে পড়ে আছে, বিজিবি দ্রুত রাস্তায় চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে বাসটি ওঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা।