আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: রাজশাহীতে ইসি মাছউদ

EC Machud
আবুল কালাম আজাদ,রাজশাহী ১৯ মে ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ,রাজশাহী ১৯ মে ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন
আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না:   রাজশাহীতে ইসি মাছউদ

বর্তমানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে।

১৯মে,সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫: পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কমিশনার মাছউদ বলেন, “সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। যতদিন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হচ্ছে, ততদিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে-সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত বন্ধ রয়েছে।