আইন অঙ্গনের সর্বক্ষেত্রে ব্যারিস্টার রাজ্জাকের বিচরণ ছিল

Razzak was wandering
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
আইন অঙ্গনের সর্বক্ষেত্রে ব্যারিস্টার রাজ্জাকের বিচরণ ছিল
সংগৃহীত ছবি

সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইন, আন্তর্জাতিক অপরাধ আইনসহ আইন অঙ্গনের সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম।

সোমবার (১৯ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত সভায় বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তারিক, বিচারপতি ইমদাদুল হক আজাদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

বিচরপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বলেন, যে মূল্যবান সময়ে তিনি দেশের আইনাঙ্গনে আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারতেন, সে সময় তিনি ছিলেন বিদেশে। এরপর যখন তিনি এলেন, ২৬ ডিসেম্বর তখন বিমানবন্দরে এসে যে বক্তব্য দিলেন, তাতে বোঝা যায় তিনি কত বড় মাপের মানুষ ছিলেন।

তিনি আরো বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আইনাঙ্গনে সবক্ষেত্রে বিচরণ চিল। সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইন, আন্তর্জাতিক অপরাধ আইন। বেঞ্চে বসেও দেখেছি। ওনার বক্তব্যগুলো অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ছিল। সবকিছু সাফল্য লাভ করবে যদি ওনার কৃতকর্ম, ওনার আদর্শকে আমাদের মধ্যে প্রতিফলন ঘটতে পারি, তাহলে সার্থক হবে আমাদের এই আলোচনা। না হলে এই আলোচনার কোনো মূল্যায়ন থাকবে না।