হেরা ফেরিতে পরেশ কাজ করবেন না, আমি শকড : সুনীল শেঠি

Don't work late at Hera Ferry
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৫ ০৮:১২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৫ ০৮:১২ অপরাহ্ন
হেরা ফেরিতে পরেশ কাজ করবেন না, আমি শকড : সুনীল শেঠি
সংগৃহীত ছবি

‘হেরা ফেরি ৩’–এ পরেশ রাওয়াল থাকছেন না—এই খবর বলিউডে যেন বিনা মেঘে বজ্রপাত! পরেশ রাওয়ালের হঠাৎ এমন সিদ্ধান্তে শুধু ভক্তরা অবাক নন, বিস্মিত তার দীর্ঘদিনের সহ-অভিনেতা সুনীল শেঠি। 

এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “এটা আমাদের কাছেই শক! আমি প্রথমে ভেবেছিলাম পরেশজিকে টেক্সট করব, তারপর ভাবলাম দেখা করে কথা বলব। এখনও পর্যন্ত এই নিয়ে আমি কারও সঙ্গে কোনও কথা বলিনি। এমনকী অক্ষয়ও জানে না কী ঘটল!”

সুনীল আরও যোগ করেন, “এককথায় গভীর সংকট। দারুণ বিপদের মধ্যেই পড়েছি আমরা। আমরা তো ছবির মাঝপথে আছি! শুটিং শুরু করার পরিকল্পনা ছিল পরের বছর। ছবির প্রোমো তো আমরা ইতোমধ্যেই শুট করেছি। এটা এত শকিং যে মাথায় ঢুকছে না। আর আমাকে কে আগে পাঠাল এই খবর? আথিয়া আর আহান! মাত্র ১৫ মিনিটের মধ্যে দু’জনেই আমাকে জানাল। বলল ‘বাবা, এটা কী!’ আমি তখন এক সাক্ষাৎকারের মাঝে ছিলাম। চমকে উঠেছিলাম!”

পরেশ রাওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ, এটা অনেকের কাছেই চমকে দেওয়ার মতো খবর। আমরা তিনজনের কম্বিনেশনটা দুর্দান্ত, বিশেষ করে প্রিয়দর্শনজি যখন পরিচালনা করছেন। কিন্তু সত্যি কথা বলতে, আজ আর আমি এই প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে মনে করি না, তাই নিজেই সরে দাঁড়িয়েছি।’ 

এই ঘোষণার পরেই জল্পনা ছড়িয়ে পড়ে—পারেশ কি তবে পারিশ্রমিকের ঝামেলা বা সৃজনশীল মতবিরোধের কারণে সরে দাঁড়ালেন? যদিও এই সমস্ত গুজবকে সরাসরি খণ্ডন করেছেন তিনি।

২০০০ সালে প্রিয়দর্শনের ‘হেরা ফেরি’ দিয়ে যে ট্রিলজি শুরু, সেটি বলিউডকে উপহার দিয়েছিল অক্ষয়–সুনীল–পারেশের অমোঘ ত্রয়ীকে। রগরগে কমেডি, কটাক্ষ আর দারুণ সংলাপে মোড়া এই ছবি হয়ে উঠেছিল একটা কাল্ট ক্লাসিক। 

এরপর আসে ‘ফির হেরা ফেরি’ (২০০৬), যা সমালোচকদের কাছ থেকে প্রথম ছবির মতো প্রশংসা না পেলেও, বক্স অফিসে ছিল বিশাল হিট।

সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’ নিয়ে বহুদিন ধরেই চলছিল উত্তেজনা। কিন্তু পারেশ রাওয়ালের প্রস্থানে হতাশ ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় একটাই দাবি করছেন—“বাবুরাওকে ছাড়া হেরা ফেরি নয়!” 

এদিকে, পারেশ রাওয়ালকে এবার দেখা যাবে ‘হাউসফুল ৫’-এ, যেখানে তার সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ৬ জুন।

অন্যদিকে সুনীল শেট্টি এখন ব্যস্ত তার আসন্ন ছবি ‘কেশরী বীর’-এর প্রচারে। এই ছবিতে রয়েছেন সুরজ পাঞ্চোলি, আকাঙ্ক্ষা শর্মা ও বিবেক ওবেরয়। ছবিটি মুক্তি পাবে ২৩ মে।