ড. এম আসাদুজ্জামান এর মৃত্যুতে কৃষি উপদেষ্টা ও সচিবের শোক
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।
এছাড়া বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হীরকও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার তারা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
এর আগে শুক্রবার সকালে ৭৫ বছর বয়সে মারা যান এম আসাদুজ্জামান। তার দুই সন্তানই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা দেশে ফেরার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. এম আসাদুজ্জামানের প্রথম জানাযা শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব), বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, বিএমডিএ বোর্ড সদস্য সাইফুল ইসলাম হীরক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, চাচাতো ভাই ফরহাদ, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন প্রমুখ।
তার মৃত্যুতে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া শোকবার্তায় বলেছেন, বরেন্দ্র অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন ও পানি ব্যবস্থাপনায় ড. এম আসাদুজ্জামানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ড. এম আসাদুজ্জামান বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ভাই। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
২০২৪ সালের ১ অক্টোবর বিএমডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য এম আসাদুজ্জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে সে পদ থেকে অবসর গ্রহণ করেন।
ড. আসাদুজ্জামান একজন বহুমাত্রিক শিক্ষাজীবনের অধিকারী। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইরিগেশন ও ওয়াটার ম্যানেজমেন্ট-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি লাভ করেন। কৃষির উপর গভীর গবেষণার উদ্দেশ্যে তিনি ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কৃষি বিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি বিশ্বখ্যাত হাভার্ড বিজনেস স্কুল থেকে অ-লাভ জনক প্রতিষ্ঠানের কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে নির্বাহী শিক্ষা কোর্স সম্পন্ন করেন।
ড. আসাদুজ্জামান কর্মজীবন শুরু করেন একজন ইরিগেশন ইঞ্জিনিয়ার হিসেবে। তিনি ১৯৯২, ১৯৯৬ এবং ২০০২, ২০০৬ এই দুই মেয়াদে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তারপরও থেমে থাকেননি তিনি। কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংক, সিডা, ডিএফআইডি, ও এডিবি-এর পরামর্শক হিসেবে আন্তর্জাতিক প্রকল্পে কাজ করেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে সরাসরি অবদান রাখেন। ড. আসাদুজ্জামান ছিলেন একাধারে গবেষক, উদ্ভাবক ও প্রয়োগবাদী। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল ভূগর্ভস্থ পানি, টিউবওয়েল ডিজাইন, সেচ ব্যবস্থাপনা ও খরচ পুনরুদ্ধার। তিনি উদ্ভাবন করেন ইনভার্টেড ওয়েল নামক এক বিশেষ ধরনের টিউবওয়েল প্রযুক্তি, যা অতি পাতলা অ্যাকুইফার অঞ্চলেও সফলভাবে পানি উত্তোলনে সক্ষম।
তাঁর আরেকটি যুগান্তকারী উদ্যোগ ছিল প্রিপেইড মিটার ও স্মার্ট কার্ডভিত্তিক সেচ খরচ পুনরুদ্ধার ব্যবস্থা চালু করা, যা বাংলাদেশের সেচ খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। এতে কৃষক স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে সেচ সুবিধা পেতে শুরু করে। তাঁর নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলে বাস্তবায়িত প্রকল্পসমূহ কৃষি বিপ্লবের সূচনা করে। মরুপ্রায় বরেন্দ্র অঞ্চল আজ শস্যসমৃদ্ধ অঞ্চলে পরিণত করেছে, যা বরেন্দ্র মডেল নামে খ্যাত। এই মডেলটি এশিয়া উন্নয়ন ব্যাংক তা নেপাল ও ভারতের মতো দেশও প্রয়োগের কথা ভাবছে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি জাতীয় ও আন্তুর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা লাভ করেন। তাঁর অবদান দেশের জন্য এক স্থায়ী সম্পদ হয়ে থাকবে।