পবায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা
পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
এরপর, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত। ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে ও ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে।
তিনি আরও জানান, প্রতিটি স্টলে“ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এখন ঘরে বসেই নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ডিসিআর, খতিয়ান ও মৌজা ম্যাপের মতো গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যাচ্ছে। কোন ধরনের হয়রানি ছাড়াই সরবরাহ করা হবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি।
এসময় উপস্থিত ছিলেন- বড়গাছী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা বীনা খাতুন, নওহাটার উপ-সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসান, পারিলা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন, কাশিয়াডাঙ্গার ওসমান গনি, দারুশার উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমান উল্লাহ, হরিয়ানের মোস্তফা জামান, কাশিয়াডাঙ্গার উপ-সহকারী ভূমি কর্মকর্তা শাজাহান আলী প্রমুখ।