রাজশাহীর কাঁচামিঠা আম কি হারিয়েই যাবে

Raw sweet mango
নিজস্ব প্রতিবেদক: ২৬ মে ২০২৫ ১২:১৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৬ মে ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
রাজশাহীর কাঁচামিঠা আম কি হারিয়েই যাবে
...সংগৃহীত ছবি

রাস্তার দুইপাশে অনেক বাগান। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে আম। আমের ভারে অনেক গাছের ডালই মাটি প্রায় ছুঁয়ে ফেলেছে। আমের মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এ দৃশ্য অতি চেনা। হাত বাড়ালেই আম, তবু কেউ ছিঁড়েন না। অথচ চুরির ভয়ে রাজশাহীর বাঘা উপজেলার তুলসিপুরের ডিলারের বাড়ির একটি আমগাছ বরই ডাল দিয়ে ঘেরা। এভাবে কাঁটা দিয়ে না ঘিরে রাখলে আঁটি ধরার আগেই শেষ হয়ে যায় আম।

আমটির নাম কালুয়া। তার চেয়ে বেশি পরিচিত ‘কাঁচামিঠা’ নামে। এই আম পাকার জন্য কেউ অপেক্ষা করে না। কাঁচাতেই খাওয়া হয় আমটি। স্বাদ অদ্ভুত। কাঁচা আম- অথচ টকও না, মিষ্টিও না। কচকচে আমটির মিশ্রিত একটা স্বাদ। সেই স্বাদের টানেই আঁটি ধরার আগেই শেষ হয়ে যায় গাছের আম। আমের রাজ্যেই সাতগাঁয়ে ঘুরেও এমন গাছ খুঁজে পাওয়া দুস্কর। নতুন করে আর এই গাছ লাগানো হয় না। কোনো কোনো বাগানে কিংবা বাড়িতে একটি-দুটি গাছ খুঁজে পাওয়া যায়। শৌখিন মানুষেরা গাছগুলো রেখে দিয়েছেন।

কোন কোন আম কাঁচামিঠা

অনেক কাঁচামিঠা আমের কোনো নামই ছিল না। কিছু আম নাম পেয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানও কাঁচামিঠা আমের তেমন নাম জানাতে পারলেন না। তবে সহায়তা করলেন রাজশাহীর বাঘার অনিমা এগ্রোর স্বত্ত্বাধিকারী সৌমেন মণ্ডল। তিনি জানান, তাদের এলাকায় নারিকেল, জামানি, কালুয়া ও রানী নামে চারটি জাতের কাঁচামিঠা আম এখন পাওয়া যায়।

আর চাঁপাইনবাবগঞ্জে বউ ভোলানি ও টিক্কাফরাসসহ কয়েকটি জাতের আম পাওয়া যায়। এরমধ্যে টিক্কাফরাসকে ২০১১ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) বারি আম-৯ হিসেবে অবমুক্ত করেছে। যদিও এখন পর্যন্ত বাণিজ্যিক জাত হিসেবে আমটি প্রতিষ্ঠা পায়নি।

টিক্কাফরাসের গড় ওজন ১৬৬ গ্রাম। মে মাসের শেষ দিকে আমটি বাজারে আসে। গায়ের রং সবুজ। আমের আঁশ সাদা। খেতে কচকচে। মিষ্টতা ১১ ভাগ। নারিকেল আমটি পটলের মতো হলেও দেখতে খুব সুন্দর। এটি টক নয়, মিষ্টিও নয়। কিছুটা ফজলির মতো। এটি প্রচুর ধরে। এক থোকায় চার-পাঁচটি আম থাকে। ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম।

কালুয়ার একটি সুঘ্রাণ আছে। পাকলেও আমের রং সবুজই থাকে। কাঁচা আম যতটা সুস্বাদু, পাকা ততটা নয়। পাকলে খেতে অনেকটা পেপের মতো লাগে। কাঁচা অবস্থায় চোকাসহ আম খাওয়া যায়। গোলাকার এই আমটির ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

কাঁচামিঠার আরেক জাত রানী। এই আম কাঁচাতেই খুব মিষ্টি, পাকলে আরও মিষ্টি। পাকলে আমটি হলুদ হয়। লম্বাটে আমটির ওজন হয়ে থাকে ১০০ থেকে ১৫০ গ্রাম। অনেকে একে নারিকেল আম বলে ভুল করেন। কাঁচামিঠার আরেক জাত জামানির ঘ্রাণ আছে জোয়ানের মতো। গাছে থাকলে পাশ দিয়ে যাওয়ার সময়ই ঘ্রাণ পাওয়া যায়। স্বাদ টকমিষ্টি। মোহনভোগের মতো গোলাকার আমটির ওজন হয়ে থাকে ২৫০ থেকে ৩০০ গ্রাম।

কতটা দুস্কর এই আম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শুধু জেলার নয়, দেশেরও অন্যতম বৃহৎ আম মোকাম। ভারতের মালদা লাগোয়া এ জেলায় বহু অজানা জাতের আম পাওয়া যায়। উন্নত জাতের আমেরও অভাব নেই। তবে এত আমের মাঝেও হারিয়ে যেতে বসেছে বিশেষ স্বাদের আম- কাঁচামিঠা। এখানে কাঁচামিঠা আমের কোনো বাগান নেই। তবে বিমর্ষী গ্রামে শৌখিন বাগানি হাজি এখলাস উদ্দীনের একটি পুরোনো বাগানে ১৬টি কাঁচামিঠা আমের গাছ আছে।

অনলাইনে অর্ডার নিয়ে রাজশাহীর বাঘা উপজেলার বলিহার, আড়পাড়া, শ্রীরামপাড়া, হাজিপাড়া, কাজিপাড়া, তুলসিপুর, আমোদপুর ও আশপাশের এলাকা থেকে আম সংগ্রহ করে সারাদেশে কুরিয়ার করেন সৌমেন মণ্ডল। তার এমন কিছু ক্রেতা রয়েছেন, যারা প্রতিবছর কাঁচামিঠা আমের অর্ডার দেন। সৌমেন তাদের কাছে কাঁচামিঠা আম পাঠানোর ব্যবস্থা করেন।

সৌমেন জানান, তাদের এলাকায় মাত্র চারটি কাঁচামিঠা আমের গাছ আছে। এরমধ্যে বলিহার গ্রামের তাপস সরকার, তুলসিপুরের ডিলার, হাজিপাড়ার আবদুর রাজ্জাক ও সিদ্দিপাড়ার আবদুস সালাম একটি করে গাছের মালিক। এই চারটি গাছ থেকেই তিনি কাঁচামিঠা আম সংগ্রহ করেন। তারপর ক্রেতাদের কাছে পাঠান। এ গাছ আর খুঁজে পাওয়া যায় না। কাঁচা আমের দামই গাছের মালিক নেন কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। তিনি বিক্রি করেন ১০০ টাকায়।

কাঁচামিঠা কি হারিয়েই যাবে

পুরনো গাছ কাটা পড়ছে। নতুন করে আর লাগানো হচ্ছে না। ফলে এ আম দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে অল্প কিছু মানুষ এখনও শখের বসে বাপ-দাদার লাগানো পুরনো গাছটি রেখে দিয়েছেন। আবার অনেকেই গাছটি খুঁজে পান কেবল স্মৃতির পাতায়। তেমন গল্পই শোনালেন রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের বাড়িতেই একটা কাঁচামিঠা আমের গাছ ছিল। দাদি বলতেন, “এই গাছটা তোর বাপের বয়সী।” সেই গাছও আমরা রাখতে পারিনি। এখন নতুন করে এই গাছ কেউ লাগায় না। আমটা হারিয়ে যাচ্ছে।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোশাররফ হোসেন বলেন, আমটি কমে গেছে, তবে একেবারে হারিয়ে যায়নি। বাণিজ্যিকভাবে একক কোনো বাগান হয়নি। তবে বাগানে বা বাড়িতে একটা-দুইটা গাছ আছে। সেখান থেকেই আমটা পাওয়া যায়। এর মধ্যে টিক্কাফরাস জাতের আমটিকে ২০১১ সালে বিএআরআই বারি আম-৯ হিসেবে অবমুক্ত করেছে। কাঁচামিঠার বেনামি আরও অনেক জাত আছে। সেগুলো সম্প্রসারণ করা যেতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান বলেন, নতুন করে আর এই গাছ লাগানো হচ্ছে না। কারণ এখন বাগান হচ্ছে বাণিজ্যিকভাবে। চাষিরা লাভটা দেখছেন বলে কাঁচামিঠা অনেকটা রেয়ার হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘কাঁচামিঠা আম কাঁচাতেই খায়, পাকলে ভাল লাগে না। ফলে বাজারজাতের একটা অনিশ্চয়তার কারণে বাণিজ্যিকভাবে এটার সম্প্রসারণ হচ্ছে না।