কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শিরোপা প্রত্যাশায় টেকনাফ-রামু
জুমাবার ১২ সেপ্টেম্বর ২০২৫। কক্সবাজার জেলার ক্রীড়ামোদি জনতার প্রত্যাশিত একটি দিন। এদিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা প্রত্যাশায় মাঠে নামছেন টেকনাফ উপজেলা ও রামু উপজেলা ফুটবল দল।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ফাইনাল খেলা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
এদিকে ফাইনালের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের এবারের আসর শুরু থেকে জমে উঠে। স্টেডিয়াম দর্শক পূর্ণতা পায়। আজও ফাইনাল খেলায় হাজার হাজার ক্রীড়া ভক্তের সমাগম হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন ডিএসএ সদস্য সরওয়ার রোমন।
জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এম.আর মাহবুব বলেন, লড়াই হবে আজ। ফুটবলের উর্বর ভূমি আজ মাতবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে। সবকিছু শেষে সুন্দর একটি আয়োজনের সফল সমাপ্তি হবে। সকলকে খেলা দেখার আমন্ত্রণ।