গাছ চোরদের হামলায় কাকারা বিট কর্মকর্তাসহ আহত ৫
বিভিন্ন সংরক্ষিত সরকারি বনে গাছ চোররা নিয়মিত হানা দিচ্ছে। বনজ সম্পদ রক্ষায় দায়িত্বশীলদের কঠোর অবস্থানের পরও চোরদের আক্রমণ ও চুরির ঘটনা ঘটছে।
গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়ার কাকারা রিজার্ভ ফরেস্টের বিট কর্মকর্তা মো: সাউদ যাহীন এর নেতৃত্বে কাকারা ফরেস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ টুকরা আকাশমনি গোল কাঠ জব্দ করে ফেরার পথে অফিসের কাছে ডিউটি ঘরে পৌছালে সংঘবদ্ধ চিহ্নিত গাছ চোরেরা বিট কর্মকর্তাসহ বন কর্মীদের উপর হামলা চালায়। মারধর করে গুরুতর জখম করে এবং ডিউটি ঘর ভাঙচুর করে।
আহত ফরেস্ট গার্ড রবি শংকর দেওয়ান জানান, হামলার শিকার বন কর্মীরা বর্তমানে চকরিয়া সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বিজয়বাংলা নিউজকে মামলার সত্যতা নিশ্চিত করেন।