১৪ ডিসেম্বর থেকে যেসব প্রোফাইল বন্ধ করে দেবে ফেসবুক
ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ইতিমধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধাও বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। তবে এ সিদ্ধান্তে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলের কোনো ক্ষতি হবে না।
মেটা জানিয়েছে, এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য এসব প্রোফাইল ব্যবহার করতে পারতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধাও ছিল।
অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হতো। ফলে একটি লগইন তথ্য দিয়েই সব প্রোফাইলে প্রবেশ করা যেত। মেটা অ্যাকাউন্টে প্রবেশ করলে প্রথমে মূল প্রোফাইল দেখা যেত। সেখান থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের অতিরিক্ত প্রোফাইলে যেতে পারতেন। তবে আগামী ১৪ ডিসেম্বরের পর আর এই সুবিধা পাওয়া যাবে না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল এই সিদ্ধান্তের আওতায় পড়বে। তবে কেউ আলাদা নতুন মেটা অ্যাকাউন্ট তৈরি করে থাকলে সেই অ্যাকাউন্টের প্রোফাইলগুলো মুছে ফেলা হবে না।
মেটা আরও জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও অন্যরা বিভিন্ন উপায়ে বুঝতে পারেন যে প্রোফাইলগুলো একই ব্যক্তির। যেমন, একাধিক প্রোফাইলে একই নাম বা ছবি ব্যবহার করলে সহজেই সেগুলোর মধ্যে সম্পর্ক শনাক্ত করা সম্ভব।
এ ছাড়া একই বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়া, একই ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ করা কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমেও অন্যরা প্রোফাইলগুলোর যোগসূত্র বুঝতে পারেন।
অতিরিক্ত প্রোফাইলের তথ্য ব্যবহার করে মেটা তার বিভিন্ন সেবায় ব্যবহারকারীর অভিজ্ঞতা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সাজায়। এর মধ্যে বিজ্ঞাপনও রয়েছে। অর্থাৎ, একটি প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও বিভিন্ন কনটেন্টের সুপারিশ দেখানো হতে পারে।
প্রতিটি অতিরিক্ত প্রোফাইলের গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস আলাদাভাবে নির্ধারিত থাকে। একটি প্রোফাইলের সেটিংস অন্য প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। তবে ব্যবহারকারীরা প্রতিটি প্রোফাইলের জন্য আলাদাভাবে কিছু সেটিংস পরিবর্তন করতে পারেন। যেমন, কারা পোস্ট দেখতে পারবেন, কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং কে প্রোফাইলে ট্যাগ করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি প্রোফাইলে অন্যদের করা পোস্ট পর্যালোচনার সুবিধাও রয়েছে।
একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলে তিনি ওই প্রোফাইলে ব্যবহারকারীকে ট্যাগ করতে বা তার পোস্ট দেখতে পারবেন না। এমনকি ব্লক করা ব্যক্তির 'People you may know' বা 'আপনি যাদের চিনতে পারেন' তালিকায় ওই প্রোফাইলটি সুপারিশ করা হবে না। তবে একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলে অন্য প্রোফাইলগুলোতে সেই ব্লক কার্যকর হবে না।
মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। কেউ যদি ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে মূল প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি দিয়ে রাখেন, তাহলে অন্যরা সহজেই সেটি খুঁজে পেতে পারেন।
একইভাবে, মূল ফেসবুক প্রোফাইল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই মেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও মূল প্রোফাইল অন্যদের কাছে সুপারিশ হতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি ব্যবহারকারীর অতিরিক্ত ফেসবুক প্রোফাইল অনুসরণ করেন, তাহলে তার কাছে মূল ফেসবুক প্রোফাইলও 'People you may know' তালিকায় আসতে পারে।
এ ছাড়া অন্য ব্যবহারকারীরা অতিরিক্ত প্রোফাইলে ট্যাগ বা পোস্ট করতে পারেন। এসব পোস্ট ও ট্যাগের মাধ্যমেও একাধিক প্রোফাইল একই ব্যক্তির বলে শনাক্ত হতে পারে। তাই ব্যবহারকারীরা প্রতিটি প্রোফাইলের ট্যাগিং এবং পোস্ট পর্যালোচনার সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
অন্যদিকে, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন অতিরিক্ত প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগও রেখেছে মেটা। এ জন্য ব্যবহারকারীরা ফেসবুকের প্রচলিত রিপোর্ট করার সুবিধা ব্যবহার করতে পারবেন।
মেটা আরও জানিয়েছে, তারা ধাপে ধাপে ব্যবহারকারীদের মেটা অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে। এ কারণে কারও অ্যাকাউন্ট সেটিংসে 'Accounts Centre' দেখা যেতে পারে, আবার কারও ক্ষেত্রে 'Meta Account settings' অপশন থাকতে পারে।
এদিকে, প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীদের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করতে পারে মেটা। কোনো বৈধ আইনি অনুরোধের জবাব দেওয়ার সময় অতিরিক্ত ফেসবুক প্রোফাইলের তথ্যও সরবরাহ করতে পারে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে মেটা তাদের গোপনীয়তা নীতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নির্ধারিত তথ্য সরবরাহের নিয়ম অনুসরণ করবে।