গুঞ্জনই সত্যি, অক্ষয়ের নায়িকা রুক্মিণী
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনেত্রী রুক্মিণীর অভিনয়ের গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই আলোচনায় মিলল সত্যতার ইঙ্গিত। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
২০২১ সালে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রুক্মিণীর। এবার একই প্রযোজনা সংস্থার নতুন সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যেতে পারে তাকে। এবার সামাজিক মাধ্যমে ‘শামুক’-এর মোশন পোস্টারও প্রকাশ করেছেন অভিনেত্রী।
প্রায় ৩০ সেকেন্ডের পোস্টারে রুক্মিণীর দেখা না মিললেও অন্ধকার গুহার ভেতর বন্দুক হাতে অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে। আলো-আঁধারির মধ্যে হঠাৎ ভেসে ওঠে একটি রহস্যময় হাত। পোস্টারে লেখা, ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট।’
কল্পবিজ্ঞাননির্ভর সিনেমাটিতে টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি থাকবে অ্যাকশন ও মারপিটের দৃশ্য। সিনেমাটি প্রযোজনা করছে সানশাইন পিকচার্স। প্রযোজক বিপুল শাহ এবং সহপ্রযোজক আশিন শাহ।
এর আগে এই প্রযোজনা সংস্থার ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। এবার ‘শামুক’-এর মাধ্যমে অক্ষয় কুমারের সঙ্গে কাজের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।