রাজশাহীতে শীতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ, বাজারে চড়া দাম

High prices in the market
আবুল কালাম আজাদ ২৬ অক্টোবর ২০২৫ ০২:২৭ অপরাহ্ন শীর্ষ খবর
আবুল কালাম আজাদ ২৬ অক্টোবর ২০২৫ ০২:২৭ অপরাহ্ন
রাজশাহীতে শীতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ,  বাজারে চড়া দাম
রাজশাহীত শীতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ

আসতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। শেষ রাত থেকে অনুভূত হচ্ছে শীতের পরশ। হেমন্তের শেষ ও উত্তরের বায়ুপ্রবাহের ফলে ভোরের দিকে তৈরি হয় শিশির বিন্দু। হরেক রকমের শীতের সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। জেলার মাঠজুড়ে চাষ হচ্ছে ফুলকপি, বাধাকপি, মুলা, গাজর, লাউ, সিম, করলা, টমেটোসহ নানান আগাম জাতের সবজি। ভোর হলেই কৃষকরা ফসল পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন। আবার কেউ ফসল বাজারজাতকরণের প্রস্তুতি নেন।

জেলার তানোরের মাঠের সবজি চাষি মিজানুর রহমান বলেন, এ বছর ১০বিঘা জমিতে শীতকালীন আগাম জাতের বাধাকপি ও ফুলকপি চাষ করেছি। আগাম জাতের সবজি হওয়ায় বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। ফলনও ভালো হয়েছে। প্রতি কেজি ফুলকপি ১১০ টাকা ও বাধাকপি ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে খরচের তুলনায় লাভ ভালো হবে। তাই এই সকল সবজি চাষে অনেকের আগ্রহ বেশি।


একই মাঠের লাউ চাষি ও শিম চাষি মনির দম্পতি বলেন, দেড় বিঘা জমিতে লাউ লাগিয়েছি। ফলন ভালো হয়েছে। প্রতিদিনই জমি থেকে প্রায় ২০০ টির বেশি লাউ নামাই। বাজারে প্রতি পিস লাউ ৩০-৩৫ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। এতে খরচের তুলনায় লাভ ভালো হচ্ছে। এছাড়া এই মাঠের বিভিন্ন সবজি স্থানীয় বাজার ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বাজারজাত করা হয়।

হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামের কৃষক মশিউর রহমান বলেন, ‘আমি এক বিঘা জমিতে আগাম জাতের লাউ চাষ করেছি। খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। পাইকারি বাজারে বিক্রি করে ১ লাখ ৫০ হাজার টাকার লাউ পেয়েছি। লাভ হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।’


মোহনপুরে আকতার হোসেন বলেন শিম চাষ খরচ বেশি,তাছাড়া রোগবালাই থাকায় সবসময় পরিচর্যা করতে হয়। অন্যদিকে সার-বিষের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেশি হচ্ছে। এছাড়া আবহাওয়া অনূকুলে না থাকায় সবজিতে বেশি পরিমাণে সার ও বিষ স্প্রে করা হচ্ছে। তবে ফলন ভালো হওয়ায় বাজারে ভালো দামে বিক্রয় হচ্ছে। প্রতি কেজি শিম বাজারে পাইকারি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রয় হচ্ছে।

পারিলার চাষি জেসমিন নাহার বলেন তিনি বাড়ীর পাশে ছেলেদের নিয়ে ১ বিঘা জমিতে করোলা চাষ করেছেন।এই সবজি চাষে খরচ কম,একটু পরিচর্যা করলেই ভালো ফলন হয়।জমি থেকেই পাইকারি ৮০ থেকে ৯০ টাকা কেজিদরে বিক্রি হয়।এপর্যন্ত তিনি ২৫ হাজার টাকার করোলা বিক্রি করেছেন বলেও জানান তিনি।

নগরের সাহেববাজার, লক্ষ্মীপুর, সাগরপাড়া, কোর্ট স্টেশন, বউবাজার ও শালবাগানসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজির সরবরাহ এখনো সীমিত। যে দোকানগুলোতে নতুন সবজি এসেছে, সেখানে ক্রয়মূল্য প্রায় দ্বিগুণ।

প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, বাঁধাকপি ৮০ টাকা, বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, আর টমেটো মিলছে ১৮০ থেকে ২০০ টাকায়। জাত ও গুণগত মানভেদে শাক ৩০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা মিলছে ১২০ টাকায়, কচু ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ থেকে ৭০ টাকা, আর প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকায়। তবে এই বাজারে এখন সবচেয়ে সাশ্রয়ী সবজি হচ্ছে আলু। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়, যা কিছুটা হলেও সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে।


সবজি কিনতে আক্তার হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘ফুলকপির দাম শুনেই হতবাক হয়েছি। প্রচণ্ড দাম। এখনই কিনব না, দাম কমলে তখন দেখব।’ আরেকজন ক্রেতা আবদুল্লাহ বললেন, ‘যে কয়টা বাজারে শীতের সবজি এসেছে, সেগুলো ছোঁয়ারও উপায় নেই। এত দামে সাধারণ মানুষের কেনার সামর্থ্য নেই।’

সবজির দামে অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন, এখনো মাঠে পর্যাপ্ত সবজি উঠেনি বলেই বাজারে সরবরাহ কম। ফলে দাম বেশি। শালবাগান বাজারের বিক্রেতা মো. শাওন বলেন, ‘এখনো পর্যাপ্ত সবজি উঠেনি মাঠে। সরবরাহ কম বলেই দাম বেশি। আমরা যদি কম দামে কিনতে পারি, তাহলে কম দামেই বিক্রি করা সম্ভব হবে।’

এদিকে দাম বাড়ার সবচেয়ে বড় সুফল পাচ্ছেন কৃষকরা। মৌসুম শুরুর আগেই যারা শীতের সবজি বাজারে তুলেছেন, তারা পাচ্ছেন প্রত্যাশার চেয়েও বেশি দাম। ফলে রাজশাহীর বিভিন্ন এলাকার কৃষকদের মুখে এখন হাসি।

পবা উপজেলার পারিলা, বড়গাছী, হরিপুর, নওহাটা ও দামকুড়াসহ নানা এলাকায় মাঠে চলছে আগাম শীতকালীন সবজির চাষ। সবুজের সমারোহে ছেয়ে গেছে ফসলের মাঠ। কোথাও চলছে চারা রোপণ, কোথাও আবার শুরু হয়েছে আগাম সবজি তোলা। আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, শিম, লালশাক, পুঁইশাক, বেগুন, করলা, টমেটো, লাউ-সবকিছুর চাষ নিয়েই ব্যস্ত কৃষকরা।

নওহাটা কাঁচাবাজারে দেখা গেছে, প্রতি পিস লাউ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়, খুচরা বাজারে ৫০-৫৫ টাকায়। কৃষকরা বলছেন, এই সময়ের লাভই তাদের পুরো মৌসুমের প্রেরণা।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১৫ হাজার ১০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৭৯ হেক্টর জমিতে আগাম সবজির চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৩০ টন হারে উৎপাদন ধরে মোট ৪ লাখ ২২ হাজার ৮০০ টন সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, ‘আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক পদ্ধতি। এতে কৃষকের আয় যেমন বাড়ছে, তেমনি বাজারে সবজির সরবরাহও নিশ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই সময় পোকামাকড় ও রোগবালাই তুলনামূলক কম থাকায় ঝুঁকিও কম। ফলে কৃষকরা সহজেই ভালো মানের, কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করতে পারছেন, যা ক্রেতাদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে। এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হবে।