প্রকল্প ঋণে রেলবহরে যুক্ত হচ্ছে ৩০ নতুন ইঞ্জিন, কাটবে পণ্য পরিবহনের জট
দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে রেলওয়ের অংশীদারিত্ব বাড়ানো এবং মেয়াদোত্তীর্ণ পুরোনো ইঞ্জিনের সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহ করা হচ্ছে। এ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন করবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। নতুন ইঞ্জিনগুলো বহরে যুক্ত হলে যাত্রীসেবার পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সক্ষমতা বহুগুণ বাড়বে বলে আশা করছে রেলপথ মন্ত্রণালয়।
‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ হিসেবে দেবে এআইআইবি। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।
এই প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। শুধু ইঞ্জিনই নয়, এর সঙ্গে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও বিশেষায়িত টুলসও কেনা হবে। পাশাপাশি প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য রাখা হয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে ২৯২টি লোকোমোটিভ রয়েছে, যার মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। রেলওয়ের বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বহরে থাকা ১৬৪টি মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ১১৫টিরই (প্রায় ৭০ শতাংশ) অর্থনৈতিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরেরও বেশি।
দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব পুরোনো ইঞ্জিনের কার্যক্ষমতা তলানিতে ঠেকেছে। একই সঙ্গে এগুলোর যন্ত্রাংশ সংগ্রহ যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি মেরামত ব্যয়ও বেড়েছে বহুগুণ। কোনো ইঞ্জিন বিকল হলে তা সচল করতে দীর্ঘ সময় লেগে যায়, যা যাত্রী ও পণ্য পরিবহনের শিডিউল বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, বর্তমান চাহিদা মেটাতে সংস্থাটির কমপক্ষে ৭০ থেকে ৮০টি নতুন লোকোমোটিভ প্রয়োজন। সে তুলনায় এ প্রকল্পের মাধ্যমে ৩০টি ইঞ্জিন সংগ্রহ করা হচ্ছে। ফলে নতুন ইঞ্জিন যুক্ত হওয়ার পরও বহরের ঘাটতি পুরোপুরি মিটবে না এবং ভবিষ্যতে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজনীয়তা থেকেই যাবে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে আমাদের ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এই সংকট অনেকটাই কেটে যাবে এবং যাত্রী ও পণ্য উভয় খাতেই পরিবহন সক্ষমতা বাড়বে।
কমেছে পণ্য পরিবহন, সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ
বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। রেলওয়ের পরিসংখ্যানে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে পণ্য পরিবহনের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ৫৩ লাখ ৩৩ হাজার টনে এবং ২০২২-২৩ অর্থবছরে আরও কমে ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে নেমে আসে।
রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহে রেলওয়ের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করা যাচ্ছে না।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “রেলওয়েকে সরকার কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলের অংশগ্রহণ বাড়ানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের গুরুত্ব
রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের সব মিটারগেজ রেললাইনকে পর্যায়ক্রমে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এই দীর্ঘমেয়াদি রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে বলে আপাতত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখার ওপর জোর দিচ্ছে সরকার।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “মিটারগেজ লোকোমোটিভের তীব্র ঘাটতির কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট অনেকটা দূর হবে। সরকার দীর্ঘমেয়াদে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে তা সময়সাপেক্ষ হওয়ায় বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা ও এর সক্ষমতা বাড়ানো জরুরি।
খাতসংশ্লিষ্টদের মতে, শুধু নতুন ইঞ্জিন সংগ্রহ করলেই রেলপথে পণ্য পরিবহনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক ওয়াগন সংগ্রহ, আধুনিক লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন এবং স্টেশনগুলোতে পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ করা হলেই রেলওয়ে দেশের অর্থনীতিতে প্রকৃত গতি আনতে পারবে।