রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Foreign pistol and bullets recovered from bus
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৭ নভেম্বর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৭ নভেম্বর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

​রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটিহাট বাইপাস মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

​সোমবার (১৬ নভেম্বর)দিবাগত সন্ধা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসআরবি-৫ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সৌদিয়া পরিবহনের বাসটির মালামাল রাখার বক্সে থাকা একটি ফলের কার্টনে কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়।

​বাসের যাত্রী ও সুপারভাইজারের বরাত দিয়ে এসআরবি জানায়, তল্লাশির বিষয়টি টের পেয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ওঠা এক সন্দেহভাজন যাত্রী চেকপোস্টের আগেই কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

​উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলছে বলে জানিয়েছেন এসআরবি ৫।