মেরুদণ্ড থেকে কোমর ব্যথা কেন হয় , জেনে নিন
কোমর ব্যথা বিভিন্ন কারণে আমাদের হতে পারে। বয়সজনিত হারক্ষয় রোগের পাশাপাশি পেশিতে টান বা স্নায়বিক সমস্যা থেকেও এ ব্যথা হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোমর ব্যথা কেন হয় তার বিস্তারিত, লিখেছেন এভারকেয়ার হাসপাতাল, ঢাকার অর্থোপেডিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আতিয়ার রহমান।
মেরুদণ্ড থেকে কোমর ব্যথা কেন হয়
ডিস্কের সমস্যা: মেরুদণ্ডের হাড়গুলোর মধ্যকার সন্ধিতে থাকে নরম ডিস্ক। কিছু ক্ষেত্রে আঘাত পেয়ে অথবা মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপজনিত কারণে ডিস্কগুলো এক পাশে ফুলে যেতে পারে, কিছু ক্ষেত্রে ফেটে যাওয়াও অস্বাভাবিক নয়। এ ধরনের সমস্যা দেখা দিলে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের অন্যান্য স্নায়ুতে চাপ পড়ে, যার ফলে শুরু হয় কোমর ব্যথা।
ডিস্ক ডিজেনারেশন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের ডিস্কগুলো দুর্বল হয়ে যায়। তরুণ বয়সের মতো আর কোমর বা মেরুদণ্ডের হাড়কে সাপোর্ট দিতে পারে না। এর ফলে কোমর ব্যথা দেখা দেয়।
স্পন্ডাইলোলিসথেসিস: মেরুদণ্ডের হাড়গুলো যদি নির্দিষ্ট স্থান থেকে সরে যায়, সে ক্ষেত্রে স্নায়ুতে চাপ পড়ে এবং কোমরে ব্যথা হয়।
অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস: এই রোগটি মেরুদণ্ড ও পেলভিসে প্রদাহ সৃষ্টি করে।
এর দুটি ধরন আছে— নন-রেডিওগ্রাফিক, এ ধরনের প্রদাহ সাধারণত এক্স-রে রিপোর্টে দেখা যায় না।
অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, যা এক্স-রেতে দেখা যায় এবং তীব্র ব্যথা হয়।
অস্টিওপোরোসিস: মেরুদণ্ড ও পেলভিসের হাড় পাতলা ও ভঙ্গুর হয়ে গেলে অনেক সময় মেরুদণ্ডের হাড় ভেঙে হঠাৎ তীব্র ব্যথা শুরু হতে পারে। একে বলে অস্টিওপোরোসিসজনিত কোমর ব্যথা।
স্পাইনাল স্টেনোসিস: মেরুদণ্ডের ভেতরের জায়গা সংকুচিত হয়ে গেলে স্নায়ুতে পড়ে বাড়তি চাপ। এতে কোমরে ব্যথার পাশাপাশি পায়ে অবশ বা রিনঝিন অনুভূতির পাশাপাশি দুর্বলতাও দেখা দিতে পারে।
মেরুদণ্ডের গঠনজনিত অস্বাভাবিকতা: মেরুদণ্ড বেঁকে যাওয়া (স্কোলিওসিস) বা কোমর অতিরিক্ত বাঁকানো (লর্ডোসিস) থেকেও কোমর ব্যথা হতে পারে।
মেরুদণ্ডে সংক্রমণ: যদিও বিরল, তবে মেরুদণ্ডে জীবাণুর সংক্রমণ হলে জ্বর, কাঁপুনি ও মাথা ব্যথার সঙ্গে কোমরে ব্যথা দেখা দেয়।
ভার্টিব্রোজেনিক ব্যথা: মেরুদণ্ডের হাড়ের (Vertebrae) ভেতরের অংশে চাপ বা ক্ষতিগ্রস্ত স্নায়ুর কারণে এ ধরনের ব্যথা হয়।
ব্যথা উপশমে করণীয়
স্বল্পমেয়াদি কোমর ব্যথায় সাধারণত চিকিৎসা প্রয়োজন হয় না। ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে, সময়ের সঙ্গে বাড়লে অথবা দৈনন্দিন কাজে সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্স-রে বা এমআরআই করানোর পরামর্শ দিতে পারেন চিকিৎসক। ব্যথা উপশমে করণীয়—
ওষুধ: চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক বা প্রদাহনাশক ওষুধ (NSAID) খাওয়া যেতে পারে।
ওজন নিয়ন্ত্রণ: দেহের অতিরিক্ত ওজন মেরুদণ্ড ও কোমরে চাপ ফেলে। তাই ওজন নিয়ন্ত্রণ জরুরি।
সুষম খাদ্য: মাছ, শাক-সবজি, দুধজাতীয় খাবার থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ফসফরাস পাওয়া যায়, যা হাড় মজবুত রাখে।
ব্যায়াম: হালকা ব্যায়াম ও ফিজিওথেরাপি মেরুদণ্ডের পেশি শক্ত করে, নমনীয়তা বাড়ায় এবং ব্যথা কমায়।
কখন অস্ত্রোপচার প্রয়োজন
যদি নিয়মিত চিকিৎসা ও জীবনযাপন পরিবর্তনের পরও ব্যথা না কমে, তখন অস্ত্রোপচার লাগতে পারে। যেমন—
ডিসেকটমি: ফেটে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ডিস্ক অপসারণ করা হয়।
স্পাইনাল ল্যামিনেকটমি: মেরুদণ্ডের ভেতরের চাপ কমাতে হাড়ের কিছু অংশ ও হাড়ের স্পার অপসারণ করা হয়।
অনেকে মনে করেন কোমর ব্যথা গুরুতর রোগ নয়। ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করার চেষ্টা করেন। মনে রাখতে হবে, ব্যথা মেরুদণ্ডের গুরুতর সমস্যা থেকেও হতে পারে। তাই দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।