রাজশাহীত নৃ-গোষ্ঠী মেলা তিনদিনব্যাপী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার এই মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। রক্ষাগোলা সমন্বয় কমিটি এ আয়োজন করে।
মেলায় ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০টি সাংস্কৃতিক দল অংশ নিচ্ছে। এছাড়া ৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র—কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য সামগ্রী, পোশাক, অলংকার, খাবারসহ নানা উপকরণের প্রদর্শনীও অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়- এই স্লোগানে আয়োজিত এ মেলায় রঙিন সাজে সজ্জিত প্যান্ডেল, বাঁশের খুঁটিতে গাঁথা পতাকা, আর মঞ্চে বাজতে থাকে একের পর এক ঢোলের তালে নাচের ছন্দ। ছোট-বড় সবার চোখে মুখে দেখা যায় আনন্দের ঝিলিক। সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাঁওতাল, ওঁরাও, পাহাড়িসহ নানা ধর্মের আদিবাসী নারী-পুরুষ ও শিশুদের নিয়ে বিভিন্ন সংগঠনের গান ও নৃত্য পরিবেশন। সাথে ছিলে আদিবাসীদের বিভিন্ন কৃষ্টি কালচার তুলে ধরার প্রতিযোগিতা।
কেউ বাঁশি, কেউ ঢোল, কেউ তবলা, কেউ হারমনির সুরে মাতিয়ে তোলেন অনুষ্ঠান প্রাঙ্গন। আবার তারা তাদের পূর্বপুরুষের ঐতিহ্যবাহী ধামসা-মাদলের তালে তালেও নাচতে থাকেন। প্রতিটি পরিবেশনা যেন জীবনের গল্প- প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা এক জনগোষ্ঠীর প্রাণের ভাষা।
মেলায় ছিল হস্তশিল্প প্রদর্শনী, আদিবাসী পোশাক, বাঁশ-বেতের তৈরী বিভিন্ন জিনিসপত্র, লাঙ্গল-জোয়াল, নাঙলি আদিবাসীদের বিভিন্ন খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি গয়না, রঙিন চুড়ি, এবং কাপড় বিক্রি করছিলেন হাসিমুখে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সম্নয় কমিটির সভাপতি সুধির স্বরেন। উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক আব্দুল মান্নান, হরেন্দ্রনাথ সিং, মেরিনা হাসদা, নিরাবুল ইসলাম প্রমুখ।
বিকেলের দিকে সূর্য যখন গাছের মাথায় হেলে পড়ে, তখন মঞ্চে শুরু হয় সমাপনী পর্ব। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।