যশোরে কবরস্থান থেকে ককটেল উদ্ধার
Sharsha Upazila of Jessore
যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে কবরস্থান থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই মুসল্লি।
জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের বাবার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এ সময় তারা কাঠের গুঁড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তু দেখে সন্দেহ হলে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং কারা রেখেছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।