উৎপাদন খরচ দূরে থাক হিমাগারের খরচের অর্ধেকই উঠছে না আলু চাষিদের
হিমাগারের খরচের অর্ধেকই উঠছে না আলু চাষিদের, রাজশাহী জেলার হিমাগারে রাখা আলুর বাজারে ধস নেমেছে। হিমাগারের খরচের অর্ধেকই উঠছে না আলু চাষিদের।উৎপাদন খরচ, পরিবহন ব্যয় ও হিমাগার ভাড়া বহন করে বর্তমানে ন্যায্যমূল্য না পাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন ব্যয়ের চাপ সামাল দিতে না পেরে অনেকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
মৌসুমের শুরুতে ন্যায্যমূল্য পাওয়ার আশায় হিমাগারে আলু মজুত করেছেন জেলার কৃষকেরা। কিন্তু বাজারে আলুর চাহিদা কম থাকায় দাম ক্রমেই নিম্নগামী হচ্ছে। যে দামে আলু বিক্রি হচ্ছে, তাতে খরচই উঠছে না বরং উল্টো বাড়ছে ক্ষতির পরিমাণ। গত বছরের তুলনায় এবার অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে মজুত করা আলু। জেলার কৃষক ও ব্যবসায়ীরা প্রতি বছর লাভের স্বপ্ন নিয়ে হিমাগারে ব্যাপক পরিমাণ আলু মজুত করেন। তবে এবার দাম না থাকায় স্বপ্ন ভঙ্গ হচ্ছে কৃষকের।
কৃষকরা বলছেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার যেন জরুরি ভিত্তিতে বাজার মনিটরিং বাড়ায় এবং হিমাগারে সংরক্ষিত আলুর জন্য প্রণোদনা বা সহায়তা প্রদান করে। হিমাগার ভাড়া, পরিবহন খরচ ও শ্রমিক মজুরি যোগ করলে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা ব্যয় হয়। সেই আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দামে। ফলে কেজি প্রতি ১০ থেকে ১৩ টাকা লোকসান গুনতে হচ্ছে।
তানোর উপজেলার কৃষক মমিনুর রহমান বলেন, গতবছরের তুলনায় এবার আলুর বাজারের অবস্থা খুব খারাপ। আমরা প্রতি বছর হিমাগারে আলু মজুত করি তবে এবার আলুর দাম নেই। খরচ সবমিলিয়ে কেজি প্রতি ১০ টাকা লোকসান হয়েছে।
আরেক কৃষক ইসলাম শেখ বলেন, সরকার নির্ধারণ করা মূল্যে বিক্রি না হয়ে বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের মজুত করা আলু বিক্রি করে লোকসান হচ্ছে অপরদিকে ক্রয় করার তেমন ব্যবসায়ীও নেই।
কৃষক মানিক মিয়া বলেন, লাভের আশা করে হিমাগারে আলু রেখেছিলাম কিন্তু এবার লোকসান হয়ে গেল। অনেক টাকা খরচ করে আলু আবাদ করেছিলাম যে ব্যয় হয়েছে সেটাও উঠছে না।
পবার কৃষক জাহিদ ইসলাম বলেন, ঋণ করে আলু রোপণ করেছিলাম। পরে হিমাগারে মজুত রাখি ভালো দাম পাওয়ার আশায়। তবে এবার আলুতে ক্ষতিগ্রস্ত হলাম। সরকারের উচিত আলু রপ্তানিতে উদ্যোগ নেওয়া এতে আলুর বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। এতে কৃষকদের ক্ষতি অনেকটা লাঘব হবে।
ব্যবসায়ী লতিফুর রহমান লুতু বলেন, আমি ব্যাবসায়িকভাবে কয়েক হাজার বস্তা আলু হিমাগারে মজুত করেছি। পরিবহন শ্রমিকসহ কেজি প্রতি প্রায় ১০ টাকা লোকসান হবে। আমার কয়েক হাজার বস্তা আলু হিমাগারে মজুত করা আছে লোকসানের কারণে এখনো বের করিনি।
হিমাগার মালিকেরা বলছেন, প্রতি বছর আমাদের হিমাগারে কৃষকেরা আলু মজুত করে রাখেন। গত বছর আলুর দাম ভালো থাকার কারণে সময়ের আগে আলু বের করেছে অনেক কৃষক, তবে এবার দাম না থাকায় হিমাগারে পড়ে আছে আলু। এতে আমাদের লোকসানের পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। বাস্তবে আরও সাড়ে তিন হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদিত হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৫০০ টন। গত বছর আলু উৎপাদিত হয়েছিল ৯ লাখ ৪০ হাজার টন।
রাজশাহীর তানোর উপজেলার চোরখৈর গ্রামের আলু চাষি জুয়েল রানা এবার ৩৪ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। গত ১৪ নভেম্বর শুক্রবার তিনি ৩৫৯ বস্তা (৬৫ কেজি করে) আলু বিক্রি করেছেন। এর মধ্যে ৩২৫ বস্তা ভালো আলু পেয়েছেন। ১৪ টাকা কেজি হিসাবে দাম পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ৬ টাকা কেজিপ্রতি হিমাগার ভাড়া ও শ্রমিক খরচ বাবদ গেছে ২ লাখ ৫ হাজার টাকা। অবশিষ্ট থাকে ৯০ হাজার ৭৫০ টাকা। এর সঙ্গে ১০০ টাকা বস্তা হিসেবে ২৯ বস্তা নষ্ট আলু থেকে পেয়েছেন ২ হাজার ৯০০ টাকা, ২৬০ টাকা বস্তা হিসাবে পাঁচ বস্তা কাঁই (ছোট) আলু বিক্রি করে পেয়েছেন ১ হাজার ৩০০ টাকা। নষ্ট ও ছোট আলু থেকে মোট পেয়েছেন ৪ হাজার ২০০ টাকা। এটা যোগ করলে তাঁর মোট টাকার অঙ্ক দাঁড়ায় ৯৪ হাজার ৯৫০ টাকা।
হিমাগারে রাখা ৩৫৯ বস্তা মানে ২৩ হাজার ৩৩৫ কেজি আলু বিক্রি করে জুয়েল রানা হাতে পাবেন ৯৪ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ তাঁর প্রতি কেজি আলুর দাম পড়ছে ৪ টাকা ৬ পয়সা। অবশ্য তিনি এই আলু মাঠে বিক্রি করলেই ১৪ টাকা কেজি হিসাবে দাম পেতেন। এখন যে টাকায় বিক্রি করলেন, সেই টাকাও এখনো পাননি। বাকিতে বিক্রি করেছেন।