রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করেন তাঁরা।
এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। বিকেল থেকে তারা রেললাইনে বসে থাকলেও সন্ধ্যায় আগুনও জ্বালানো হয়েছে। তাই কয়েকটি ট্রেন আটকে আছে স্টেশনে। রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীদেরও দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। তারা এ সময় বাড়ানোর দাবি জানাচ্ছেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মালেক জানান, বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেনের। সেটি স্টেশনে আটকে আছে। ঢালারচরমুখী ঢালারচর এক্সপ্রেস আটকে আছে বিকেল ৫টা ২০ মিনিট থেকে। ঈশ্বরদীর উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় একটি কমিউটার ট্রেন যাওয়ার কথা থাকলেও সেটিও আটকে আছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। অবরোধের কারণে ট্রেনটি রাজশাহী ঢুকতে পারছে না। রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা আছে। সেটিরও বিলম্ব হতে পারে।