অপহরণের মাস পার হলেও উদ্ধার হয়নি অপহৃত কন্যাশিশু
রাজশাহীর পুঠিয়া উপজেলায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিহা (১৪) অপহরণের এক মাস হতে চললেও এখনও তার খোঁজ মিলছে না। দীর্ঘ এই অপেক্ষা ও পুলিশের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে শনিবার বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার, সহপাঠী ও এলাকাবাসী।
মানববন্ধনে অভিযোগ করেন, গত ২৬ অক্টোবর সামিহাকে অপহরণের পরদিন ২৭ অক্টোবর পুঠিয়া থানায় শিশুটির পিতা মিজানুর রহমান মামলা করেন। মামলায় হৃদয় (২৪), শরিফুল ইসলাম (৪৫), রোজিনা বেগম (৪০), সেলিম (৩০), নোমান (২২), এন্তাজ মন্ডল (৪০)সহ তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। তবে এক মাস পার হলেও মামলায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পরিবারের সদস্যরা।
মানববন্ধনে সামিহার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা প্লেকার্ড হাতে দ্রুত সামিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করার দাবি তুলে ধরেন।
এ সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সামিহার বাবা মিজানুর রহমান। তিনি বলেন, “আমার শিশুকন্যাকে ২৬ অক্টোবর মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে একদল মাদক কারবারি। আমার মেয়ে কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি হাতজোড় করে বলছি, আমার মেয়েকে ফিরিয়ে দিন।”
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত-ই-খুদা শুভ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এখনো মেয়েটিকে ট্রেস করতে পারিনি। আমাদের মূল ট্রেসিং পদ্ধতি ডিভাইসলোকেশন-কিন্তু সংশ্লিষ্টদের ব্যবহৃত ডিভাইস এতদিন অ্যাকটিভেট হয়নি। এ কারণে আলাদা একটি টিম কাজ করছে। তদন্তের আগে চাপ তৈরি হলে কার্যক্রম আরও কঠিন হয়ে যায়। সামিহাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।