ভূমিকম্প ঝুঁকিতে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা
ভূমিকম্পের মাঝারি ঝুঁকিতে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন এঅঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বড় ভূমিকম্পের শঙ্কা করছেন গবেষকরা।
গবেষণার তথ্যমতে, রাজশাহীর অঞ্চলের বেশিরভাগ বসতবাড়ি কাঁচা। আর নগরীর ৫৩ ভাগ ভবন দুর্বল ও অনিরাপদ। ফলে মাঝারি মানের ভূমিকম্পও এ অঞ্চলে হতে ক্ষতির অন্যতম কারণ।
কেন্দ্রস্থল থেকে অনেক দূরে হলেও গত শুক্রবারের ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজশাহী বিভাগের অনেক স্থাপনা আর অবকাঠামো। বড় ক্ষয়ক্ষতি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের ভবন হেলে পড়াসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
শিক্ষার্থীদের দাবি, শুক্রবারের ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হল ভবন হেলে পড়াসহ হলের দেয়াল, করিডর, সিঁড়ি—বিভিন্ন স্থানে নতুন করে বড় ফাটল দেখা দিয়েছে। এতে তারা আতংকিত।
ভূমিকম্পের জন্য মাঝারি ঝুঁকিপূর্ণ রাজশাহী অঞ্চল। এ বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের অংশ বিশেষ মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। রাজশাহীর ঝুঁকি নিয়ে ২০২২ সালে গবেষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ২০২৩ সালে ওই গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। গবেষণার তথ্যমতে, ১৯৫০ সালের পরে রাজশাহীর জিরো পয়েন্ট থেকে ৫০০ কিলোমিটারের মধ্যে ১০৫১টি, ১০০ কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হয়েছে ৫টি। শেষ ১০ বছরে হয়েছে প্রায় অর্ধেক।
তথ্যমতে, ১৮৮৫ সালের ১৪ জুলাই বগুড়া চ্যুতির কেন্দ্রস্থলে সিরাজগঞ্জ-বগুড়া অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হয়। ১৮৯৭ সালের ১২ জুন শিলং মালভূমিতে উৎপত্তি হওয়া ৮.৭ মাত্রার ভূমিকম্পে বগুড়া ও পাবনায় ব্যপক ক্ষতি ও প্রাণহানি হয়। ১৯৯১ সালের ৭ আগষ্ট নওগাঁ ও রাজশাহী অঞ্চলে ৫ এবং ২০১৮ সালে নাটোর-রাজশাহীতে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ২০২২ সালের ১ জুন সিরাজগঞ্জে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবশেষ ২০২৩ সালে কেঁপে ওঠে রাজশাহী।
এসব ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ আল মারুফ বলেন, ‘প্রায় ৪০০ বছর আগে আমাদের এঅঞ্চলে বড় ধরনের ভুমিকম্প হয়েছে। এরপর ছোট ও মাঝারি ভূমিকম্প হয়েছে। টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বহু বছর ধরে বিপুল শক্তি সঞ্চিত রয়েছে। এ শক্তির কারণে আগামীতে উত্তরাঞ্চলে শঙ্কা বাড়ছে।’
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্যমতে, রাজশাহী বিভাগে মোট বসতবাড়ি ৫১ লাখ ২৮ হাজার। গ্রামে ৪১ লাখ ৭ হাজার এবং শহরে ১০ লাখ ২০ হাজার।
গবেষণার তথ্য বলছে, মোট বসতবাড়ির মধ্যে মাটির কাঁচা বাড়ি শতকরা ৫৬ ভাগ। রাজশাহী নগরীতে ৫৩ ভাগ ভবন নিম্নমানের উপকরণ ব্যবহার করে নির্মাণ করায় ভূমিকম্প সহনশীল নয়। ৩৪ ভাগ বাড়ি পুরোনো হওয়ায় অনিরাপদ। নগরীর সড়কগুলোর ৩১ ভাগ সরু হওয়ায় বড় ধরনের দুর্যোগ হলে জরুরি উদ্ধার কাজ হবে কষ্টসাধ্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের্ অধ্যাপক ড. আব্দুল্যাহ আল মারুফ জানান, এঅঞ্চলে মাটির তৈরি কাঁচা বাড়ির আধিক্য রয়েছে। এখানে ৫ বা ৬ মাত্রার ভূমিকম্প হলে বড়ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। গবেষকরা জানান, কম্পন মাত্রা, ব্যাপ্তি ও ধ্বংসযজ্ঞ বিবেচনায় ১৮৯৭ সালের ভূমিকম্পকে মহাভূমিকম্প বলা হয়। এতে বগুড়া ও পাবনাসহ রাজশাহী অঞ্চলে কাঁচা বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছিলো।