পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ বাড়ছে
বিগত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতি এবং দলীয়করণের অভিযোগ ছিল। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ওই সরকারের পতনের পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য উপাচার্য নিয়োগ এবং দুর্নীতি প্রতিরোধে বিশেষ জোর দেয়া হয়েছিল। তবে সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগে এখনো অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগে স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিয়ম অমান্য করে নিয়োগের অভিযোগও উঠেছে।
★রাজশাহী বিশ্ববিদ্যালয়:-
গত ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে তিনজন চূড়ান্তভাবে মনোনীত হন। তবে এর পরপরই অভিযোগ ওঠে ওই মনোনয়নে অনিয়ম এবং আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। এছাড়া অন্য এক প্রার্থীর কাছে অর্থ দাবি করার একটি অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি অডিও রেকর্ডটি বিভাগের সভাপতির সঙ্গে এক নিয়োগপ্রার্থীর কথোপকথনের। ওই অডিও রেকর্ডে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার জন্য সভাপতিকে অর্থ দাবি করতে শোনা যায়।
এ বিষয়ে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীবের কাছে অভিযোগ করেন ওই বিভাগে চাকরিপ্রার্থী রাহাত ইসলাম (হৃদয়)। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৬৩ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৮৬ পেয়ে দুটিতেই প্রথম স্থান অধিকার করেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও তিনি ভাইভার জন্য মনোনীত হননি।
অভিযোগের কপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কার্যালয়সহ ইউজিসিতেও ডাকযোগে পাঠানো হয়। বিভাগের সভাপতির সঙ্গে নিয়োগ-সংক্রান্ত বিষয়ের আড়াই মিনিটের একটি কথোপকথনের অডিও রেকর্ড যুক্ত করে লিখিত অভিযোগে রাহাত উল্লেখ করেন, ‘নাট্যকলা বিভাগের সভাপতির কাছে নিয়োগের বিপরীতে অর্থ দাবি করেছেন। তিনি বলেন, অর্থ ছাড়া চাকরি পাওয়ার কোনো বিকল্প নেই।’
তবে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মীর মেহবুব আলম এটিকে মনগড়া অভিযোগ এবং রেকর্ডটি এআই সম্পাদিত বলে দাবি করেন।
এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দুই শিক্ষার্থীর অনশনের পর ২৬ অক্টোবর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার বলেন, ‘নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ সম্পর্কে যেসব সংবাদ ও ফোনালাপের অডিও প্রকাশিত হয়েছে সে বিষয়ে তদন্তের জন্য কর্তৃপক্ষ কমিটি গঠন করেছে। ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আসাদুল হককে কমিটির আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি করা হয়েছে।’
অধ্যাপক এম আসাদুল হক বলেন, ‘সম্ভবত নিয়োগ স্থগিত রাখা হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি, এখনো তেমন কিছু পাইনি। আসলে আমাদের একাডেমিক কাজের ব্যস্ততা থাকায় অনেককেই সময়মতো পাওয়া যায় না। তাই কিছুটা বিলম্ব হচ্ছে।’
★গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:-
সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আটটি বিভাগে ১৬টি পদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, পরিসংখ্যান বিভাগ এবং অর্থনীতি বিভাগের নিয়োগে বোর্ডের বিশেষজ্ঞ সদস্যদের উপাচার্যের পছন্দের প্রার্থীকে নিয়োগের জন্য চাপ প্রয়োগ, বোর্ড সম্পন্ন হওয়ার আগেই রেজল্যুশনে স্বাক্ষর গ্রহণ, আর্থিক অনিয়ম এবং কম যোগ্যতাসম্পন্ন প্রার্থী মনোনয়নের অভিযোগ উঠেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের জন্য ৩৭তম রিজেন্ট বোর্ডে লিখিত পরীক্ষা গ্রহণের বিধান করা হয়েছিল। তবে ৪১তম রিজেন্ট বোর্ডে ওই বিধান বাতিল করে একাডেমিক ফলাফল, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিধান করা হয়।
বিশ্ববিদ্যালয়টির নিয়োগ বোর্ডে অংশগ্রহণকারী একাধিক বিশেষজ্ঞ সদস্য দাবি করেন, নিয়োগ বোর্ডের সিদ্ধান্তের পর রেজল্যুশনে স্বাক্ষর নেয়ার বিধান থাকলেও তাদের কাছ থেকে আগেই স্বাক্ষর নেয়া হয়েছিল। ওই সময়ে বলা হয়েছিল তারা প্রয়োজনে পরবর্তী সময়ে নোট অব ডিসেন্ট দেয়ার সুযোগ পাবেন। কিন্তু পরবর্তী সময়ে তারা নোট অব ডিসেন্ট দেয়ার সুযোগ পাননি। এছাড়া নিয়োগ বোর্ডের আগে তাদের জানানো হয়েছিল প্রার্থীদের প্রেজেন্টেশন ও ভাইভা নেয়া হবে। তবে পরবর্তী সময়ে পৃথক প্রেজেন্টেশন না নিয়ে ভাইভাকেই প্রেজেন্টেশন ও ভাইভায় ভাগ করা হয়েছিল। এর পাশাপাশি বোর্ডেও তাদের মতামত উপেক্ষা করে উপাচার্য ও উপ-উপাচার্যের পছন্দের প্রার্থীকে নিয়োগের চেষ্টা হয়েছিল। এমনকি অনলাইনে যুক্ত বিশেষজ্ঞ সদস্যদের সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।
এছাড়া নাম অপ্রকাশিত রাখার শর্তে এক নিয়োগপ্রার্থী বলেন, ‘নিয়োগ পরীক্ষার আগে উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমার কাছে নিয়োগের জন্য ১২ লাখ টাকা দাবি করেছিলেন এবং রাজি থাকলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে ইয়েস লিখে মেসেজ দিতে বলেছিলেন।’
গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘লিখিত পরীক্ষা নিয়ে নানা রকম জটিলতা হচ্ছিল। অনেক এক্সপার্ট মেম্বার তাদের পছন্দের প্রার্থীকে বেশি নাম্বার দিচ্ছেন এমন অভিযোগ উঠছিল। এ কারণে জটিলতা এড়াতেই লিখিত পরীক্ষা বাদ দেয়া হয়। আর কৌশলে আগেই স্বাক্ষর নেয়া বা চাপ প্রয়োগের বিষয়ে যেমনটা বলা হচ্ছে বিষয়গুলো তেমন নয়। সবার সম্মতিতেই আগেই স্বাক্ষর নেয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে নোট অব ডিসেন্ট দেয়ার সুযোগ ছিল। আর একটি নিয়োগ বোর্ডে তিনজন প্রার্থী ছিল, সেখানে নিয়োগ নিয়ে কিছু দীর্ঘ আলোচনা হয়েছে, তবে চাপ প্রয়োগের ঘটনা ঘটেনি এবং সর্বসম্মতিতেই প্রার্থীদের মনোনীত করা হয়েছে। এছাড়া আমরা এবারের নিয়োগে অভিজ্ঞ প্রার্থীদের গুরুত্ব দিয়েছি। এ কারণে কোনো কোনো ক্ষেত্রে কেউ ফলাফলে কিছুটা পিছিয়ে থাকলেও অভিজ্ঞতার কারণে এবং ভাইভার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।’
ব্যক্তিগত কর্মকর্তার অর্থ দাবি করার বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। আমি এমন কোনো অভিযোগ পাইনি। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে গোবিপ্রবিতে ইউজিসির নির্দেশনা অমান্য করে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সেকশন অফিসার হিসেবে আবদুল্লাহ আল তোফায়েল আল আহমদকে ২০২৪ সালের ১৫ নভেম্বর চুক্তিভিত্তক নিয়োগ দেয়া হয়েছিল। বর্তমানে তিনি উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তবে ওই সময়ে উপাচার্য জানিয়েছিলেন কাজ চালিয়ে নেয়ার জন্য তাকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছিল।
★পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:-
একই ধরনের নিয়োগের অভিযোগ আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। গত ২৭ জানুয়ারি বিভিন্ন পদে নয়জনকে অস্থায়ী নিয়োগ দেয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক পদে ড. মো. ইকবাল হোসেনকে, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে ড. মো. সগিরুল ইসলাম মজুমদারকে, কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগের প্রভাষক পদে ডা. মো. মহিবুল্লাহকে; সহকারী রেজিস্ট্রার পদে আবু তাহের, সুইন আহমেদ, মো. মাহমুদ-আল-জামান, লোকমান হোসেন (মিঠু); সেকশন অফিসার পদে এসএম মেহেদী হাসান এবং সহকারী পরিচালক পদে মাহমুদ হোসাইনকে চুক্তিভিত্তিক পদে নিয়োগ দেয়া হয়। এ নিয়োগের আগে বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ড ও ইউজিসির কোনো ধরনের অনুমোদন নেয়া হয়নি। এছাড়া চুক্তিভিত্তিক শিক্ষক-কর্মকর্তা নিয়োগের নীতিমালা অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার বলেন, ‘যাদের নিয়ে কথা হচ্ছে, শিক্ষক সংকট থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের পর ইউজিসিকে জানানো হয়েছে এবং অনুমোদন নেয়ার বিষয়ে কাজ চলছে। পরে পোস্ট পেলে সার্কুলারের মাধ্যমে তাদের নিয়ে নেয়া হবে।’
★চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:-
গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বিভাগটির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল নেছা, মহিমা আকতার এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকিব। আকিব জানান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় আবেদন করেছিলেন ৪৩ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ জন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ১৩ জন। তবে তাদের কাউকে পাস করানো হয়নি। নিয়োগ বোর্ডের সদস্যদের স্বজনপ্রীতির কারণে উদ্দেশ্যমূলকভাবে এমনটি করা হয়েছে বলে তারা মনে করেন।
তিনি দাবি করেন, নিয়োগ পরীক্ষায় চবির ফারসি বিভাগের কোনো শিক্ষককে রাখা হয়নি। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও খাতা মূল্যায়ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ফলে তার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই উত্তীর্ণ হয়েছেন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেয়া হয়েছে।
এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। এখন ৯৯ দশমিক ৯৯ শতাংশ দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করা হয়েছে। এ নিয়মে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিযোগী বাছাই, মৌখিক পরীক্ষার মাধ্যমে পাস করা আবেদনকারীকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হচ্ছে। আমার জানা মতে এ পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ও প্রয়োগ করছে না। এতে সুবিধালোভী অনেকেই আমাদের ওপর সংক্ষুব্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নিয়োগের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে কেউ যদি অনিয়মের অভিযোগ করে তাতে আমাদের কিছুই করার নেই। যারা ফেল করেছে তাদের লিখিত পরীক্ষার খাতা যাচাই করলে প্রমাণ পাওয়া যাবে। ফলে অনিয়ম হলেও কেউ পার পাবে না। তবুও এ বিষয়ে অভিযোগ যেহেতু উঠেছে, কোনো অনিয়ম ঘটেছে কিনা সেটি যাচাই করে দেখা হবে।’
★ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়:-
বিশ্ববিদ্যালয়ের নিয়োগের বিধান অনুযায়ী কেবল শূন্য পদের বিপরীতে প্রার্থীদের মনোনীত করা যায়। তবে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পদ শূন্য হওয়ার আগেই তিনজন প্রার্থীর জন্য প্রভাষক পদের প্যানেল তৈরি করা হয়। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায়ও এ প্যানেলের সুপারিশ অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইতিহাস বিভাগে একজন প্রভাষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বাছাই বোর্ড আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে সুপারিশ করে এবং সিন্ডিকেটের অনুমোদনের পর তার নিয়োগ চূড়ান্ত হয়। তবে একই বাছাই বোর্ড আরো তিনজন প্রার্থীকে প্যানেল হিসেবে অন্তর্ভুক্ত করে সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়. পরবর্তী সময়ে পদ শূন্য হলে এ প্যানেল থেকে নিয়োগ দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদা জানান, গত সিন্ডিকেট সভায় ইতিহাসের প্রভাষক আবদুল্লাহ আল মামুনের নিয়োগ অনুমোদন দেয়া হয়। তিনজনের প্যানেল থেকে পরবর্তী সময়ে শূন্য পদে অন্যদের নিয়োগ দেয়া হবে।
তবে এ ধরনের নিয়োগের কোনো সুযোগ নেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, ‘পদ শূন্য হওয়ার আগেই প্রার্থী নির্ধারণ করে রাখার সুযোগ নেই। কারণ এমনটিও হতে পারে যে যখন পদ শূন্য হবে তখন বিজ্ঞপ্তি প্রদান করার পর এসব প্রার্থীর চেয়েও অধিকতর যোগ্য প্রার্থী পাওয়া যেতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো নিয়োগের ক্ষেত্রে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিসহ যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়োগকেই উৎসাহিত করি। একান্তই অন্য কোনো উপায় না থাকলে জরুরি প্রয়োজনে অ্যাডহক নিয়োগ হতে পারে। তবে সেটি সিন্ডিকেটে অনুমোদিত হতে হবে। আর আর্থিক অনিয়ম বা নিয়োগে অনিয়মের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। কোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আমরা বিষয়টি তদন্ত করব।’