নানান সংকটে রাজশাহীতে কেটে সাবাড় করা হচ্ছে আমবাগান
আমের ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রপ্তানি কমে যাওয়া, সঠিক ব্যবস্থাপনা না থাকা,ঋনের ভার, সংরক্ষনের অভাব,কৃষি অধিদপ্তর কর্মকর্তাদের অসহযোগীতা সহ নানান কারনে দিন দিন ক্ষোভ ও হতাশা গ্রাস করছে আম চাষীদের। অন্যদিকে, নওগাঁ, সাতক্ষীরা, রংপুরসহ অন্যান্য জেলার আমের বাজার বড় হচ্ছে। সব মিলিয়ে রাজশাহীতে আমচাষীর অনেকেই আম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।এমন কি তারা আম বাগান কেটে অন্য ফসলের দিকে ঝুকছেন
সম্প্রতি রাজশাহীর চারঘাট ও বাঘা এই দুই উপজেলায় সরকারি হিসাবে গত দুই বছরে কেটে ফেলা হয়েছে ৭১৪ হেক্টর আমবাগান। এই অবস্থা রাজশাহীর আমনির্ভর অর্থনীতি, কর্মসংস্থান ও পরিবেশ– সবকিছুর জন্যই দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে।
আমের কারণে দেশজুড়ে পরিচিতি রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার। রাজশাহী আমের জন্য বিখ্যাত হলেও জেলার ১৭ হাজার ৯৪৩ হেক্টর আমবাগানের ১২ হাজার ২১৮ হেক্টরই (দুই-তৃতীয়াংশ) এ দুই উপজেলায়। দেশের সেরা আম, সেরা জাত, সেরা বাগানের ঠিকানা এই অঞ্চল।
বাঘা উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই বছরে এই উপজেলায় ৫১০ হেক্টর জমির আমবাগান কেটে ফেলা হয়েছে। চারঘাট উপজেলায় কাটা হয়েছে ২০৪ হেক্টর। তবে স্থানীয় চাষিরা বলছেন, দুই উপজেলায় আমবাগান কাটা পড়েছে কৃষি অফিসের তথ্যের চেয়ে দ্বিগুণ, অন্তত এক হাজার হেক্টর।
সম্প্রতি চারঘাটের বাসুদেবপুর এলাকায় গিয়ে দেখা গেছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে সাড়ে সাত বিঘা জমির বিশাল এক পুরোনো আমবাগান কাটা হচ্ছে। বাগানের মালিক ইমরান আলী জানান, কোনো মৌসুমে আম ঠিকমতো আসে না, এলেও ন্যায্যমূল্য পাওয়া যায় না। এ অবস্থায় সাড়ে সাত বিঘা জমির প্রতি বিঘা বছরে ৩০ হাজার টাকায় ১০ বছরের জন্য লিজ দিয়েছেন। যিনি লিজ নিয়েছেন তিনি পেয়ারা, বরই, ড্রাগনের মতো ফল চাষ করবেন। জমির মালিক হিসাবে তিনি বছরে দুই লাখ ২৫ হাজার টাকা পাবেন। এজন্য আমবাগান কেটে ফেলেছেন তিনি।
চারঘাটের রাওথা গ্রামের আমচাষি শফিকুল ইসলাম বলেন, আমার সাড়ে তিন বিঘা জমির পুরোটাই আমবাগান। এ বছর আম বিক্রি করেছি ২৮ হাজার টাকার। কিন্তু বছরজুড়ে আমের পরিচর্যাসহ খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। এ জমিতে অন্য ফসল করলেও খেয়েপরে বেঁচে থাকতে পারতাম, কিন্তু আম চাষ করে কীটনাশকের দোকানের বকেয়া পরিশোধ করতে পারিনি। এ অবস্থায় তিনি এ বছর বাগান কেটে ফেলে গাছ বিক্রির টাকায় বকেয়া শোধ করে অন্য ফসল আবাদ করছেন।
আমচাষিরা জানান, যে জমিতে ১৫ বছরের বেশি বয়সী আমবাগান রয়েছে, সে জমিতে আম ছাড়া অন্য কিছু আবাদের সুযোগ নেই। কিন্তু আমবাগান কেটে ফেললে একই জমিতে সবজি, পেয়ারা, বরই, ড্রাগন, কলা কিংবা ধানচাষ করে চাষিরা বেশি আয় করছেন। কেউ নিজেরা চাষ না করে জমি লিজ দিয়ে দিচ্ছেন।
চারঘাট-বাঘা উপজেলা ঘুরে দেখা গেছে, দুই উপজেলার সব এলাকাতেই নির্বিচারে ছোট-বড় আমবাগান কেটে ফেলা হচ্ছে। গাছ কাটতে ন্যূনতম বাধার সম্মুখীনও হচ্ছেন না তারা। বাঘা উপজেলার মনিগ্রাম, তুলসীপুর, আড়পাড়া, বাজুবাঘা, হরিরামপুর ও বাউসা এলাকায় এবং চারঘাট উপজেলার পরানপুর, রায়পুর, বাসুদেবপুর, নিমপাড়া, শলুয়া ও রাওথা এলাকায় আমবাগান কাটা হয়েছে সবচেয়ে বেশি।
চাষিরা আমবাগান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অনেকগুলো কারণ বলেছেন। এর মধ্যে রয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। এক সময় বাগানে বছরে একবার সার ও কীটনাশক দিলেই হতো। জলবায়ু পরিবর্তনের কারণে আমের রোগবালাই বাড়ায় স্প্রের পরিমাণ এখন দ্বিগুণ হয়েছে। পাশাপাশি অধিক লাভের আশায় বাগানে হরমোন প্রয়োগ করেন চাষিরা। এখন হরমোন ছাড়া আশানুরূপ ফল আসছে না। চাহিদা বাড়ায় হরমোন ও কীটনাশকের দাম কয়েক বছরে ৩০-৫০ শতাংশ বেড়েছে। পাশাপাশি আমের পরিচর্যা, বাগান পাহারা, আম পাড়া ও পরিবহন– সব ক্ষেত্রেই শ্রমিক খরচ বেড়েছে।
আমচাষিরা বলছেন, গত বছর আমের উৎপাদন ব্যয় ছিল প্রতি মণে ১২০০-১৫০০ টাকা, সেখানে রাজশাহীর অনেক জায়গায় বিক্রি হয়েছে প্রতি মণ ৬০০-৮০০ টাকা।
রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বর হাটের আম ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আম এমন একটা ফল পাকা শুরু হলে গাছে রাখা সম্ভব না। আমের রাজধানীখ্যাত রাজশাহীতে প্রায় দেড় হাজার কোটি টাকার আমের বাজার হলেও এখানে নেই সংরক্ষণাগার। গত মৌসুমে কোরবানির ঈদের সময় ১০ দিন সরকারি ছুটি ছিল। সে সময় আম পাকা শুরু হলে বাজারে ক্রেতা না থাকায় ধস নামে। সংরক্ষণাগার হলে ২৫-৩০ শতাংশ আম বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি করতে পারত।
রাজশাহীর আম একসময় মধ্যপ্রাচ্যে রপ্তানি হলেও কয়েক বছর ধরে তা বন্ধ। গত চার বছর চারঘাট-বাঘা এলাকা থেকে রপ্তানি হয়েছে শুধু ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ায়। জেলা কৃষি অফিসের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছে ৪০ দশমিক ১৮ টন, যার মূল্য ছিল ৩৭ লাখ ৩২ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে ১৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২১ দশমিক ২৮ টন রপ্তানি হয়। ২০২২-২৩ অর্থবছরে পরিমাণ কমে রপ্তানি হয় ৯ দশমিক ৯৬ টন, মূল্য ছিল ৭ লাখ ২ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৩ দশমিক ৩২ টন রপ্তানি করে মেলে ৩ লাখ ২৩ হাজার টাকা। ২০২৪-২৫ বছরে এই এলাকা থেকে আম রপ্তানির তথ্য দিতে পারেনি কৃষি বিভাগ।
আমচাষিদের অভিযোগ, আমের গুণগত মান, ল্যাব টেস্ট, রপ্তানি প্রটোকল, পরিবহন সংকটসহ নানা কারণে রপ্তানি ক্রমে কমছে। রপ্তানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে আমের সরবরাহ বেড়ে যায়। ফলে ভালো আকারের আমের দামও কমিয়ে দেন পাইকাররা। আম রপ্তানির কাঠামো শক্তিশালী করতে সরকারের কোনো উদ্যোগ নেই।
বাঘার মনিগ্রাম এলাকার আমচাষি তারিকুল ইসলাম বলেন, রপ্তানির জন্য ফ্রুট ব্যাগিং ছাড়া আমের সাইজ ও রং ঠিক রাখতে আলাদাভাবে পরিশ্রম করতে হয়। কিন্তু রপ্তানির জন্য ঢাকার শ্যামপুরে প্যাকিং হাউসে আম পাঠানোর পর সেখানে বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় বেশি লাগে। এতে রপ্তানিযোগ্য আমের বেশির ভাগই নষ্ট হয়ে ফেরত আসে। এতে চাষীরা লোকসানে পড়েন। এজন্য রাজশাহীতে প্যাকিং হাউস স্থাপনসহ আম রপ্তানিকরণ প্রক্রিয়া সহজ করার দাবি চাষিদের।
রাজশাহী অর্গানিক ফুডের পরিচালক ওবাইদুর রহমান বলেন, চারঘাট-বাঘার বাহারি জাতের যে আম বাগান, পর্যায়ক্রমে তা কেটে ফেলা হচ্ছে। এতে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী আম সরবরাহ করতে পারছি না। আমের সঙ্গে এই অঞ্চলের লাখ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। এতে হাজারো শ্রমিক, প্যাকেটিং কর্মী, ব্যবসায়ী ও পরিবহন খাত সবাই ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) চারঘাট উপজেলার সভাপতি মো. কামরুজ্জামান বলেন, বাঘা উপজেলার বাউসা এলাকায় আম বাগানে বাসা বেঁধেছিল শামুকখোল পাখি। উচ্চ আদালতের নির্দেশে ৩ লাখ ১৩ হাজার টাকা বাগান মালিককে ভাড়া দিয়ে পাখিদের বাসস্থান নিশ্চিত করা হয়েছিল। কিন্তু এখন বাঘা-চারঘাট এলাকায় এ রকম শত শত বাগান কেটে ফেলা হচ্ছে। তাতে প্রকৃতি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিউল্লাহ সুলতান বলেন, বাঘায় কাটা পড়া এসব বাগানের অধিকাংশ গাছের বয়স অনেক বেশি, এজন্য ঠিকমতো ফল আসত না। তা ছাড়া পরিকল্পনামাফিক নির্দিষ্ট জাতের আমের বাগান না হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছিলেন না। তাই এসব বাগান কেটে অন্য ফসল আবাদ করছেন, আবার কেউ নতুন জাতের আমবাগানও করছেন। নির্বিচারে যেন গাছ কাটা না হয়, সে বিষয়ে কৃষকদের সচেতন করছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমের রপ্তানি বাড়ানোর জন্য জিএপি ও হট-ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড অনুসরণে চাষিদের প্রশিক্ষণ দিয়ে আম চাষ হচ্ছে। আগামীতে রপ্তানি বাড়বে। গাছ কাটলেও চাষিদের নতুন নতুন জাতের বাগান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে।