প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটক বরণে সাজছে

Coral island St. Martin is getting ready to welcome tourists
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ নভেম্বর ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ নভেম্বর ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটক বরণে সাজছে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এই দ্বীপে দেশের নানা প্রান্ত থেকে পর্যটক আসা শুরু করবে।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এই দ্বীপে দেশের নানা প্রান্ত থেকে পর্যটক আসা শুরু করবে। ইতিমধ্যে পর্যটক বরণে প্রস্তুতি গ্রহণ করেছে পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। 

১ ডিসেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ  BIWTA জেটিঘাট থেকে পর্যটকবাহী ৪টি জাহাজ চলাচলের অনুমতি পাওয়া গেছে। তবে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ দুই মাসের জন্য থাকলেও, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের অবশ্যই ১২টি নির্দেশনা মানতে হবে। নভেম্বর মাসে দ্বীপে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পেরেছেন। রাত্রিযাপনের অনুমতি পাওয়ায় এবার পর্যটকরা রাতে দ্বীপে থাকতেও পারবেন। তবে ফেব্রুয়ারি মাসে যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্দেশনা আছে প্রতিদিন দ্বীপে দুই হাজারের বেশি পর্যটক প্রবেশ করতে পারবেন না।

পর্যটন ব্যবসায়িরা বলেন, পর্যটকরা স্বার্থে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্ধারিত সময়ে৷ আশা করা হচ্ছে আশানুরূপ পর্যটক আগমন হবে।

বিজয়বাংলা নিউজকে স্থানীয় সমাজ কর্মী ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ জুবায়ের বলেন, সেন্টমার্টিনে বেশিরভাগ মানুষ পর্যটন শিল্পর উপর নির্ভরশীল। পর্যটক আসলে দুই মাস পর্যটন ব্যবসা জমবে। আগের মত পর্যটক না আসলে বাকি দিনগুলো কষ্টকর হবে। যদি নির্দেশনা না থাকতো ভালো হতো। দৈনিক লাখো পর্যটক সেন্টমার্টিনে আসার আগ্রহ প্রকাশ করতো। সীমিত আকারে পর্যটকদের অনুমতি এবং বারটি নির্দেশনা প্রতিপাদন এখন ব্যবসায়ীদের জন্য চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন- নামের ৪টি জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে অনুমতি পেয়েছে।

তিনি আরও বলেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিন যাতায়াত করবে। তার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। দৈনিক দুই হাজারের বেশি পর্যটককে যেতে দেওয়া হবে না। এ জন্য নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট ও সেন্টমার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।